আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের মামলায় বঙ্গভবন কর্মকর্তার জামিন

আমার দেশ অনলাইন

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের মামলায় বঙ্গভবন কর্মকর্তার জামিন
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় করা মামলায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমের জামিন মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত এই আদেশ দেয়।

বিজ্ঞাপন

আজ বেলা ৩টার দিকে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার সালেহ আবু নাঈম তাকে কারাগারে রাখার আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী মো. আলমগীর আসামির জামিন চেয়ে শুনানি করেন।

বাদীপক্ষের আইনজীবী মো. আবদুর রাজ্জাক জামিনের বিরোধিতা করে শুনানি করেন।

শুনানিতে তারা বলেন, ‘আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তার মোবাইলের ফরেনসিক রিপোর্ট পাওয়া গেছে। নির্বাচনের আগে এ ধরনের কাজ করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছেন। আসামি জামিন পেলে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। এ জন্য আসামির জামিন বাতিলের প্রার্থনা করছি।’

এ সময় আসামিকে বিচারক বলেন, আপনি কি কিছু বলতে চান? তখন আসামি ছরওয়ারে আলম বলেন, ‘আমি এ ধরনের কাজ করিনি। আমি কিছুই করিনি। তদন্ত কর্মকর্তাকে বারবার বলেছি। আমি তদন্ত কর্মকর্তাকে সব ধরনের সহযোগিতা করতে চেয়েছি। চাকরির শেষ বয়সে এসে আমি এসব কাজ করব কেন?’

ছরওয়ারে আলম বলেন, ‘আমি স্বেচ্ছায় আমার মোবাইল, ল্যাপটপ তদন্ত কর্মকর্তাকে দিয়ে সহযোগিতা করেছি। আমার হাত দিয়ে কোনো খারাপ কাজ হয়নি। খারাপ কাজ করতে পারি না, কখনো করব না। আমি ১০০ পার্সেন্ট নিজেকে নির্দোষ দাবি করছি।’

ছরওয়ারে আলম বলেন, ‘এই বয়সে এসব করে নিজের পেনশন নষ্ট করব? এই কাজ করার কোনো মানে নেই। আমার বয়স হয়েছে, পরিবার রয়েছে। এ রকম কাজ করতে যাব কেন?’

জামায়াতের আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় পর হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে একটি মামলা হয়। ওই মামলায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলমকে গ্রেপ্তার দেখানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন