সময় মিডিয়া লিমিটেডের (সময় টিভি) বিজ্ঞাপন বিল বাবদ ৫ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার ২৮৩ টাকা আত্মসাত ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যান মো. হাসানসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালত উভয়পক্ষের শুনানি শেষে নথি পর্যালোচনা শেষে এ আদেশ দেন। সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের বাদী হয়ে আদালতে এ নালিশি মামলাটি দায়ের করেছিলেন। সংশ্লিষ্ট আদালতের ওমেদার অঙ্কন মন্ডল বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে আসামিপক্ষ মামলাটি প্রত্যাহারের আবেদন জানালেও আদালত তা মঞ্জুর না করে গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেন।
মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অন্য আসামিরা হলেন, সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক শম্পা রহমান, সাবেক পরিচালক মোর্শেদুল ইসলাম, সাবেক হেড অব মার্কেটিং মো. আহসানুল ইসলাম এবং সাবেক সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) আয়েশা সিদ্দিকা।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, বিবাদীরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর এখতিয়ার বহির্ভূতভাবে ওই মাসের বিজ্ঞাপন বিল মওকুফের নোটিশ দেন। আসামিরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা সময় টিভির আগস্ট মাসের বিজ্ঞাপন বিল বাবদ মোট ৫ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার ২৮৩ টাকা উত্তোলন করে কোম্পানির হিসাব বিভাগে জমা না দিয়ে আত্মসাত করেন। পরবর্তীতে ই-মেইল মারফত অর্থ ও রসিদ বই ফেরত দেওয়ার নোটিশ দেওয়া হলেও তারা কোনো জবাব দেননি। থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করায় বাদী আদালতের শরণাপন্ন হলে আদালত অভিযোগটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে পূর্বে সমন জারি করেছিলেন। মঙ্গলবার নির্ধারিত দিনে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির এ আদেশ দিলেন আদালত।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

