জুলাই বিপ্লবে রাজশাহীতে হত্যাকাণ্ড

সাবেক মেয়র লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৬ নভেম্বর

সাবেক মেয়র লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৬ নভেম্বর

জুলাই বিপ্লবে রাজশাহীতে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৬ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের বাকি দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আজ সকালে এই মামলার গ্রেপ্তার চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন—রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আসাদুজ্জামান আসাদ, ডাবলু সরকার, জহিরুল ইসলাম রুবেল ও মোহাইমিনুল ইসলাম মানিক।

প্রসিকিউটর মঈনুল করিম ট্রাইব্যুনালকে জানান, মানবতাবিরোধী অপরাধের এ মামলায় মোট আসামি ৩৮ জন। তাদের মধ্যে চারজন গ্রেপ্তার রয়েছেন। বাকি ৩৪ জনকে আত্মসমর্পণে গত ১ অক্টোবর দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। এসব আসামির হাজিরার জন্য মঙ্গলবার দিন ধার্য ছিল। কিন্তু তারা আত্মসমর্পণ করেননি। এ কারণে তাদের পলাতক বিবেচনায় সরকারি খরচে আইনজীবী নিয়োগের আবেদন জানান তিনি। এ ছাড়া আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য সময় চান।

পরে খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগের আদেশ দেওয়ার পাশাপাশি অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করে ট্রাইব্যুনাল।

লিটন ছাড়া পলাতক অপর আসামিরা হলেন—বিপ্লব বিজয় তালুকদার, হুমায়ুন কবির, রকি কুমার ঘোষ, রাশিক দত্ত, বাপ্পী চৌধুরী রনি, মহিদুল ইসলাম মোস্তফা, খালিদ হাসান বিপ্লব, রাশেদুল করিম রোজেল, মেহেদী হাসান ওরফে রনি, জেডু সরকার ওরফে জাবেদুর রহমান, আব্দুল হামিদ সরকার ওরফে টেকন, আনোয়ার হোসেন ওরফে আনার, আরমান আলী, আব্দুল মোমিন, শাহাদত হোসেন শাহু, তৌহিদুল হক সুমন, মাহতাব হোসেন চৌধুরী, আলাউদ্দিন ওরফে আলাল, সরিফুল ইসলাম বাবু, মো. নাবিল হাসান, মাহমুদুল হাসান রাজীব, ফরহাদ হোসেন বিপ্লব, তৌরিদ আল মাসুদ রনি, মেহেদী হাসান রিমেল ওরফে রিগেন, আশরাফুল ইসলাম জাফর, সুকান্ত কুমার দাস, ফয়সাল আহমেদ রুনু, নুর মোহাম্মদ সিয়াম, আসাদুল্লা-হিল-গালিব, গোলাম কিবরিয়া, আলাল পারভেজ লুলু, মনিরুজ্জামান খান ওরফে মনির ও শফিকুজ্জামান ওরফে শফিক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন