আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল গ্রেপ্তার

রাজধানীর ভাটারা থানায় হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

রোববার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এই আবেদন মঞ্জুর করে।

বিজ্ঞাপন

আসামিপক্ষের আইনজীবী সাইদুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেন বলেন, এখন পর্যন্ত নজরুল ইসলামের বিরুদ্ধে ২০টির বেশি মামলা রয়েছে।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক মো. হাফিজুর রহমান গত ১১ মার্চ নজরুল ইসলামকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ওইদিন আসামির উপস্থিতিতে রোববার শুনানির দিন ঠিক করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষমাবিরোধী আন্দোলন নিয়ে ২০২৪ সালের ১৬ জুলাই কটূক্তি করেন। ওই সময় তিনি আন্দোলনকারীদের রাজাকার বলে সম্বোধন করেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিছিল করে। অবস্থা বেগতিক দেখে গত ১৭ জুলাই শেখ হাসিনার নির্দেশে সারা দেশ থেকে আওয়ামী লীগের লোকজন ঢাকায় আসতে শুরু করে। ছাত্র আন্দোলন ঠেকাতে ১৮ জুলাই থেকে শেখ হাসিনার নির্দেশে ছাত্র-জনতার মিছিলে হামলার নির্দেশ দেওয়া হয়।

পরে আসামিরা কয়েকটি দলে বিভক্ত হয়ে যায়। একপর্যায়ে ওই বছরের ১৮ জুলাই বেলা ২টায় মামলার বাদী রোহান এবং তার বন্ধু ও স্বজনরা জুলাই আন্দোলনের ব্যানারে সরকার পতনের সমর্থনে শান্তিপূর্ণ মিছিলে অংশ নেন। জুলাই দমন করার জন্য পূর্ব পরিকল্পিতভাবে এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা নির্বিচারে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। গণহারে গুলি করার কারণে আসামিদের ছোড়া ব্যুলেটে বাদী মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন