জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা আমিন হত্যা মামলায় উত্তরা থানা যুবলীগের সহসভাপতি ও ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আব্দুস সোবহান কাজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৫ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা ওয়ারী বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) মৃত্যুঞ্জয় পণ্ডিত মিঠুন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামি জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার বিষয়ে এবং পলাতক অন্যান্য আসামি সম্পর্কে বেশকিছু তথ্য দিয়েছেন। তাই আসামির পূর্ণাঙ্গ নাম-ঠিকানা যাচাই এবং মামলার অন্যান্য পলাতক ও অজ্ঞাতনামা আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারে সোবহানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। শুনানি শেষে রিমান্ডে নেয়ার ওই আদেশ দেন আদালত।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আল আমিন খলিফা নিহত হন এবং আরো অনেকে আহত হন। এ ঘটনায় আদালতের নির্দেশে উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মামলা করা হয়।
এর আগে গত ৪ আগস্ট রাতে বনানী থানার স্টেশন অফিসার্স মেস-সংলগ্ন স্বর্ণলতা ভবনের একটি ফ্ল্যাট থেকে আব্দুস সোবহান কাজীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি টয়োটা হ্যারিয়ার গাড়ি, দুটি আইফোন এবং তার নামে ইস্যু করা পাঁচটি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করে পুলিশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


