রাজধানীর মোহাম্মদপুর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় মিঠুন নামে এক আসামিসহ ৯ জনকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়ে রায়ে ঘোষণা করেছেন আদালত।
মঙ্গলবার (৩০ জুন) ঢাকার ১০ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। তবে মিঠুনের মামলার রায় শুনতে আদালতে আসা মামা আইয়ুব ভাগ্নের সাজা শুনেই অসুস্থ হয়ে পরেন। পরে পার্শ্ববর্তী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফারুকুল ইসলাম দেওয়ান বলেন, এ মামলার নয় আসামিদের মধ্যে শুধুমাত্র মিঠুন আদালতে উপস্থিত ছিলেন। তাদের প্রত্যেককে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত। এ সময় আদালতে উপস্থিত মিঠুনের মামা অসুস্থ হয়ে পরলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানেই মারা যান তিনি।
সাজাপ্রাপ্ত অপর আট আসামিরা হলেন, মো. মুরাদ, ছাবির, মো. রাজা, মো. মাসুম হোসেন, মো. মিঠুন, মো. বিল্লাল, রাজা, মো. ওয়াহিদুল সনু ও মো. জুম্মন মিয়া। তারা সবাই পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ২৬ মে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে মাদক ক্রয়-বিক্রি হচ্ছে এমন সংবাদে অভিযান চালায় র্যাব-২। এসময় এক হাজার ৯৫০ পিস ইয়াবাসহ নয়জনকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনার পরদিন মোহাম্মদপুর থানায় মামলা করেন পুলিশ পরিদর্শক ইকরামুল হক চৌধুরী। তদন্ত শেষে একই বছরের ২২ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেয় মোহাম্মদপুর থানা পুলিশের উপপরিদর্শক সাজেদুল হক। এতে আসামি মিঠুনসহ নয়জনকে অভিযুক্ত করা হয়। পরে ২০১৯ সালের ২৭ মে অভিযোগ গঠন করে বিচার শুরু আদেশ দেয় আদালত। বিচার চলাকালে চারজনের সাক্ষ্য গ্রহণ করেন বিচারক।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

