সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর ৬ ক্রেডিট কার্ড ব্লকের নির্দেশ

স্টাফ রিপোর্টার

সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর ৬ ক্রেডিট কার্ড ব্লকের নির্দেশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের ছয়টি ক্রেডিট কার্ড ব্লকের নির্দেশ দিয়েছেন আদালত।

এর মধ্যে শেখ ফজলে নূর তাপসের তিনটি ও তার স্ত্রী আফরিন তাপসের তিনটি ক্রেডিট কার্ড রয়েছে।

বিজ্ঞাপন

সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ মামলার তদন্ত সংস্থা দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, আসামি শেখ ফজলে নূর তাপস সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৭৩ কোটি ১৯ লাখ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক দখলে রেখে এবং তার নামে ২৭টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫৩৯ কোটি ১৬ লাখ টাকা ও ৫ লাখ ১৭ হাজার ৫২৭ মার্কিন ডলার সন্দেহজনক লেনদেন করায় মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তের নিমিত্তে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। আসামি শেখ ফজলে নূর তাপসের তিনটি ক্রেডিট কার্ডের মাধ্যমে যাতে ব্যাংক হতে টাকা উত্তোলন করতে না পারেন, সেজন্য কার্ডগুলো ব্লক করা প্রয়োজন।

আফরিন তাপসের বিষয়ে আবেদনে বলা হয়েছে, আসামি আফরিন তাপস ও আসামি শেখ ফজলে নূর তাপস পরস্পর যোগসাজশে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৪০ লাখ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক দখলে রেখে এবং ৯টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭০ কোটি ৮৯ লাখ টাকা ও ৩ লাখ ৯৫ হাজার ৯৬৩ মার্কিন ডলার সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর ও স্থানান্তর করায় মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তের নিমিত্তে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। আসামি আফরিন তাপসের তিনটি ক্রেডিট কার্ডের মাধ্যমে যাতে ব্যাংক হতে টাকা উত্তোলন করতে না পারেন, সেজন্য কার্ডগুলো ব্লক করা একান্ত প্রয়োজন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আন্দোলন যখন তুঙ্গে তখন সিঙ্গাপুরের পালিয়ে যান তাপস। তিনি পালিয়ে যাওয়ার আগে ওই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনের কথপোকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন