রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ।
শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।এরপর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত চলবে ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা।
পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা
ভর্তি পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসনে বসতে হবে। পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে। এ ছাড়া পছন্দের বিষয়ে ভর্তি হতে হলে সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫ নম্বর অর্জন করতে হবে।
আসন ও আবেদনকারী
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিজ্ঞান ইউনিটে এবার আবেদন করেছেন ৩১ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী। এই ইউনিটে মোট আসনসংখ্যা ৪ হাজার ৭৯৫টি।
অন্যদিকে ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদন করেছেন ১১ হাজার ২৪৪ জন। এই ইউনিটে আসন রয়েছে ১ হাজার ৯৯৭টি।
তিনটি ইউনিট মিলিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রথম বর্ষে মোট আসন রয়েছে ১১ হাজার ২৯০টি।
এর আগে গত ১১ জুলাই বিশ্ববিদ্যালয়টির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়। পরবর্তীতে ১২ জুলাই সেই পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
ক্লাস শুরু
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি পরীক্ষা শেষে দ্রুত ফল প্রকাশ করা হবে। পরবর্তী ভর্তি কার্যক্রম সম্পন্ন করে আগামী ৬ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত সরকারি সাতটি কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

