হামলার মুখে আরামকোর সদর দপ্তর থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে সৌদি

হামলার মুখে আরামকোর সদর দপ্তর থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে সৌদি

ইয়েমেনের হুথিদের সঙ্গে সংঘাত তীব্র হওয়ার মধ্যে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো তাদের ধাহরান সদর দপ্তর থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার বিষয়টি সম্পর্কে অবগত ছয় ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক সৌদি আরবের সঙ্গে ইরান-সমর্থিত হুথিদের সংঘাত বাড়তে থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্মীদের দপ্তর ছেড়ে দূর থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথম আরামকোর সদর দপ্তর থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলো। তবে ঠিক কী কারণে এই নির্দেশ দেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়।

বিজ্ঞাপন

লোহিত সাগরের প্রবেশমুখে গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মানদেব প্রণালির দিকে হুথিদের অগ্রসর হওয়ার পর ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে তাদের সংঘর্ষ বেড়েছে। এই প্রণালি বিশ্ববাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ।

সৌদি আরবের তেল স্থাপনা ও বিমানবন্দর লক্ষ্য করে হুথিদের ধারাবাহিক হামলার মধ্যেই আরামকোর এই সিদ্ধান্ত এসেছে। চলতি মাসের শুরুতে হুথিদের হামলায় ধাহরানে আরামকোর সদর দপ্তর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ভবনটির কয়েকটি তলায় আগুন ছড়িয়ে পড়ে।

আরামকো ও সৌদি স্থাপনায় হামলার দাবি

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে দেওয়া বক্তব্যে দাবি করেছেন, গোষ্ঠীটি লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু শহরে আরামকোর স্থাপনা এবং রাজধানী রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ এসব হামলার বিষয়টি নিশ্চিত করেনি।

সৌদি নেতৃত্বাধীন জোট বৃহস্পতিবার জানিয়েছে, তারা রিয়াদ ও পবিত্র নগরী মদিনার আকাশে ড্রোন প্রতিহত করেছে। হুথিদের হামলার জবাবে সৌদি আরব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রগুলোতে পাল্টা হামলা চালিয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, তারা হুথিদের ছোড়া বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করেছে।

হুথি মুখপাত্রের দাবি, গত জুলাইয়ের মাঝামাঝি থেকে ইয়েমেনে সৌদি হামলায় ৫৬২ জন নিহত ও আহত হয়েছেন। ওই সময় সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপ করে হুতিরা। এর জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল।

বিমানবন্দরে হামলায় নিহত ২

বুধবার সন্ধ্যায় ধাহরানের কাছের দাম্মামে অবস্থিত কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় সৌদি আরবের এক নাগরিক ও ভারতের এক নাগরিক নিহত হন। আহত হন আরো আটজন।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, বিমানবন্দরের কার্যক্রম আবার শুরু হয়েছে এবং আকাশপথে চলাচল স্বাভাবিক হয়েছে। চলতি মাসে হুথিরা সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দক্ষিণাঞ্চলের আভা বিমানবন্দরসহ একাধিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। সৌদি আকাশসীমা ব্যবহার না করার জন্য বিমান সংস্থাগুলোকেও সতর্ক করেছে গোষ্ঠীটি।

তেলের বাজারে প্রভাব

আরামকোর সদর দপ্তর থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার খবর প্রকাশের পর বৃহস্পতিবার সৌদি আরবের প্রধান শেয়ারবাজার সূচক ২ দশমিক ৫ শতাংশ কমে যায় বলে লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্য থেকে জানা গেছে।

একই দিনে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ০৬ ডলার বা ২ দশমিক ৮১ শতাংশ বেড়ে ১১১ দশমিক ৮৮ ডলারে পৌঁছায়। দিনের শুরুতে দাম ১১২ দশমিক ৫৫ ডলারে উঠেছিল, যা ১৮ মে-এর পর সর্বোচ্চ।

মধ্যপ্রাচ্যে সংঘাত আরো বাড়লে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি অঞ্চল থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সৌদি আরবের তেল স্থাপনা ও বিমানবন্দরকে লক্ষ্য করে হুথিদের হামলা অব্যাহত থাকায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও উদ্বেগ বাড়ছে।

সূত্র: রয়টার্স ও দ্য আলজেমাইনার

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন