থামানোর সংকেত দিতেই পুলিশের টহল দলকে পিকআপের ধাক্কা, এসআইসহ নিহত দুই

থামানোর সংকেত দিতেই পুলিশের টহল দলকে পিকআপের ধাক্কা, এসআইসহ নিহত দুই
ফাইল ছবি

গাজীপুরের কালীগঞ্জে মহাসড়কে রাতে টহল ডিউটি করার সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন জানান, বৃহস্পতিবার শেষরাত সাড়ে তিনটার দিকে কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে মহাসড়কে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এ সময় তারা একটি কাভার্ডভ্যানকে থামানোর সংকেত দিলে সেটি টহলদলকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়।

এ দুর্ঘটনায় পুলিশের এসআই মিজানুর রহমান, এসআই রফিকুল ইসলাম, শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) জাবেদ ওমর, কনস্টেবল ফজলে রাব্বি এবং স্থানীয় পথচারী রফিকুল ইসলাম গুরুতর আহত হন। খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পথচারী রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে চিকিৎসাধীন কনস্টেবল ফজলে রাব্বি ছাড়া বাকি আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এসআই মিজানুর রহমান মৃত্যুবরণ করেন। অন্যদিকে পিএসআই জাবেদ ওমর মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ওসি জাকির হোসেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন