কুতুবদিয়ায় জেলেপল্লীতে আগুনে পুড়ল ৩৩ বসতঘর

কুতুবদিয়ায় জেলেপল্লীতে আগুনে পুড়ল ৩৩ বসতঘর

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল জেলেপাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার শেষরাতে এ ঘটনা ঘটে। এতে প্রাথমিক হিসাব অনুযায়ী ৬৫ লাখ টাকারও বেশি সম্পদ ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা বাবুল জানান, রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ দিদার জলদাসের বাড়িতে প্রথম আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পাশাপাশি স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যেই আগুন পুরো পাড়ায় ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের দুটি দল ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে দিদার দাস, চন্দ্র সেন, ইমালুন্দ, সিংহ জলদাস, প্রেমদাস, বিকল দাস, মধু রানী, সোহান দাস, সকাল দাস, মুরলী দাস, মুরপী দাস, জিসাস দাস, সরীপ দাস, রনী দাস, ধলু, সিধাম, রুবেল, মেঘদাস, দীপারানী, রূপাল দাস, সবুজ দাস, পবিরন দাস, বুইশ্যা, অজিত, শুনু দাস, কালাগুচু, বাবুল দাস, মুন্নাবরণ, টুট্টন দাস, ওরাসেন, রুবান দাস, সুধাংশু ও ভাবতীর ঘরবাড়ির সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্তদের একজন পবিরন দাসের স্ত্রী নয়ন দাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, পিত্তথলির অস্ত্রোপচারের জন্য ১ লাখ টাকা ঋণ নিয়ে ঘরে রেখেছিলেন। আগুন লেগে সেই নগদ টাকাসহ তার স্বামীর ডিগ্রির মূল সনদপত্র ও অন্যান্য সবকিছু পুড়ে এখন তারা নিঃস্ব হয়ে পড়েছেন।

কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল আহমেদ জানান, জেলেপাড়ায় ৩৩টি কাঁচাপাকা ঘর আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল এলাকাবাসীকে সঙ্গে নিয়ে দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রান্নাঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার কামাল সিকদার জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়েই তিনি রাতেই দুর্ঘটনাস্থল জেলেপাড়ায় যান। ঘরগুলো এক সারিতে ও অত্যন্ত ঘনবসতিপূর্ণ হওয়ায় প্রায় ৩২ থেকে ৩৩টি ঘর দ্রুত আগুনে পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন