ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ক্যান্টিন সংস্কারকাজ চলাকালে দেয়াল ধসে দানী ইসলাম নামে এক নির্মাণ শ্রমিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দানী ইসলাম কিশোরগঞ্জের ইটনা থানার নয়ানগর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর মিরপুর ১০ নম্বরে ভাড়া বাসায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী এক সহকর্মী বলেন, “আমি তাকে সাবধানে কাজ করতে বলেছিলাম। পুরনো দেয়ালগুলো ভাঙার সময় বাড়তি সতর্কতা দরকার ছিল। কিন্তু সে আমার কথা শোনেনি।”
শাহবাগ থানার ওসি খালেদ মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা ঘটনার বিষয়ে খোঁজ রাখছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

