আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তান সিরিজের আগেই সাকিবকে পাওয়ার আশায় বিসিবি

স্পোর্টস রিপোর্টার

পাকিস্তান সিরিজের আগেই সাকিবকে পাওয়ার আশায় বিসিবি

দিন কয়েক আগে জানা গিয়েছিল, সাকিব আল হাসানের মামলার সব কাগজপত্র সরকারের কাছে জমা দেওয়ার প্রস্তুতি শুরু করেছে বিসিবি। গতকাল সেসব কাগজপত্র যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। তিনি জানান, সরকার সাকিবের ব্যাপারে অত্যন্ত ইতিবাচক। তার আশা, পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগেই দেশে ফিরতে পারবেন সাকিব আল হাসান।

বিজ্ঞাপন

গতকাল সরকারের কাছে সাকিব আল হাসানের সব মামলার কাগজপত্র জমা দেয় বিসিবি। এর মধ্য দিয়েই সাকিবকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে খেলা ও রাজনীতিকে একসঙ্গে মিলিয়ে না ফেলার কথা বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার ওই ঘোষণার পর থেকেই সাকিবের ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে।

সরকারের ইতিবাচক মানসিকতার কারণে বিসিবি পরিচালক আসিফ আকবর আশাবাদী, পাকিস্তান সফরের আগেই দেশে ফিরবেন। তিনি জানান, সাকিবের দেশে ফেরা নিশ্চিত হলেও পাকিস্তান সিরিজে খেলবেন-এমন কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। তার ভাষায়, জাতীয় দলে সাকিবের খেলার ব্যাপারটি পুরোপুরি নির্ভর করছে নির্বাচকদের ওপর।

দেশে ফেরার উচ্চ সম্ভাবনা তৈরি হওয়ায় ইতোমধ্যে নিজেকে নিয়ে কাজ শুরু করেছেন সাকিব আল হাসান। সংযুক্ত আরব আমিরাতে নিজের ফিটনেস নিয়ে কাজ করছেন তিনি। তাতে স্পষ্ট, ফের জাতীয় দলে খেলতে মরিয়া হয়ে আছেন এই অলরাউন্ডার।

উল্লেখ্য, ২০২৪ সালে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে খেলেছিলেন সাকিব আল হাসান। এর আগে ওই বছরই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের মাটিতে খেলেছিলেন তিনি। ফলে প্রায় দুবছর পর ঘরের মাঠে ফের সাকিবকে খেলতে দেখার অপেক্ষায় আছেন সমর্থকরা। এছাড়া সবকিছু ঠিকঠাক থাকলে নিজের ইচ্ছানুযায়ী ঘরের মাঠ থেকে বিদায়ের প্রস্তুতি শুরু করবেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার।

ঘরের মাঠে বাংলাদেশ পরের ক্রিকেট সিরিজ পাকিস্তানের বিরুদ্ধে। তিন ওয়ানডে ম্যাচের সংক্ষিপ্ত এই সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের প্রথম ম্যাচ হবে ১১ মার্চ। ১৩ ও ১৫ মার্চ হবে বাকি দুই ওয়ানডে। সাকিবকে এই ওয়ানডে সিরিজে খেলাতে চায় বিসিবি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন