স্বামী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজেএস পাস করে একই পথে স্ত্রী

স্বামী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজেএস পাস করে একই পথে স্ত্রী

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) ১৮তম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চৈতি বিশ্বাস। এর আগে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তার স্বামী উদাস গোস্বামীও একই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিচার বিভাগে যোগ দেন। বর্তমানে তিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত।

বিজ্ঞাপন

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে ১৮তম বিজেএস পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর চৈতি বিশ্বাসের বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ার বিষয়টি জানা যায়।

চৈতির এই সাফল্যে পরিবারে নতুন আনন্দ যোগ হয়েছে। একই পরিবারের স্বামী-স্ত্রী দুজনই বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিচার বিভাগে যুক্ত হওয়ায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও আইন অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তাদের সাফল্যকে অনুপ্রেরণাদায়ক হিসেবে দেখছেন।

স্ত্রীর সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উদাস গোস্বামী। সেখানে তিনি লেখেন, ছোটবেলা থেকেই জজ-ম্যাজিস্ট্রেট দেখার প্রতি তার আগ্রহ ছিল। এখন ঘুম থেকে উঠেই একজন জজ দেখার সৌভাগ্য হবে।

স্ত্রীর উদ্দেশে তিনি আরো লেখেন, স্রষ্টার অশেষ কৃপায় তাঁর পরিশ্রম তাঁকে সম্মানিত করেছে। ১৮তম জুডিশিয়ারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় প্রিয়তমা সহধর্মিণী চৈতি বিশ্বাসকে অভিনন্দন জানান তিনি।

পোস্টে উদাস গোস্বামী তার বাবার কথাও উল্লেখ করেন। তিনি লেখেন, বাবার এত প্রিয় বউমার এই সাফল্য অল্প সময়ের ব্যবধানে দেখতে না পারাটাই আফসোস। শেষে স্ত্রীকে আবারও ‘জজ সাহেবা’ বলে অভিনন্দন জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন