‘তোমার গাল বেশি নরম, হাতটা শক্ত’, ছাত্রীকে হাবিপ্রবি শিক্ষক দীপক কুমার

‘তোমার গাল বেশি নরম, হাতটা শক্ত’, ছাত্রীকে হাবিপ্রবি শিক্ষক দীপক কুমার

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইংরেজি বিভাগের অধ্যাপক দীপক কুমার সরকারের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়া ও পরবর্তী সময় হেনস্তার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, তিনি শিক্ষার্থীকে বলেন, ‘যখন তোমাকে দেখি, তখন আমার বুকের ভেতর আপস অ্যান্ড ডাউন হয়।’

এ ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।

বিজ্ঞাপন

লিখিত অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ২৩ জুলাই রাত ১টা ৫১ মিনিটে ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক দীপক কুমার সরকার ভুক্তভোগী শিক্ষার্থীকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান। পরদিন সকাল সাড়ে ১০টায় একজন বান্ধবীসহ তাকে দেখা করতে বলেন।

অভিযোগ অনুযায়ী, শিক্ষার্থী বান্ধবীকে সঙ্গে নিয়ে শিক্ষকের কক্ষে যান। কিছুক্ষণ পর দীপক কুমার ব্যক্তিগত কথা বলার কথা বলে সঙ্গে থাকা বান্ধবীকে কক্ষের বাইরে অপেক্ষা করতে বলেন।

এরপর দীপক কুমার শিক্ষার্থীকে জিজ্ঞাসা করেন, তুমি পৃথিবীতে কাকে সব থেকে বেশি ভালোবাসো? শিক্ষার্থী বাবার কথা বললে বাবার দিব্যি দিয়ে পরবর্তী কথাগুলো কাউকে না বলতে বলেন তিনি। এরপর অভিযুক্ত শিক্ষক বলেন, ‘আমার জীবনে প্রথম যে প্রেমিকা ছিল, তুমি দেখতে ঠিক সেই মেয়েটার মতো। যখন তোমাকে দেখি, তখন আমার বুকের ভেতরে আপস অ্যান্ড ডাউন হয়।’

অভিযোগ অনুযায়ী, পরে তিনি শিক্ষার্থীকে বিকালে দিনাজপুরের বিরলে চা খেতে যাওয়া ও ব্যক্তিগত সময় কাটানোর প্রস্তাব দেন। একপর্যায়ে তার হাত ধরে হ্যান্ডশেক করে বলেন, ‘তোমার গাল বেশি নরম, হাতটা শক্ত।’

এ ঘটনার পর শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েন বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে তিনি বিষয়টি পরিবারকে জানান। অভিযুক্ত শিক্ষকের স্ত্রীকেও অবহিত করলে তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

লিখিত অভিযোগে আরো বলা হয়, ২০২৬ সালের ১৭ জানুয়ারি ভাইভার সময় ক্লাসের সিআরের মাধ্যমে তাকে আবারো শিক্ষকের কক্ষে ডাকা হয়। পরিবার ও স্ত্রীকে বিষয়টি জানানোর কারণে তাকে হুমকি দেন দীপক।

অভিযোগকারী দাবি করেন, ঘটনার পর মানসিকভাবে অসুস্থ হয়ে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। দীর্ঘদিন ক্লাস করতে পারেননি। পরবর্তী সময়ে নানা ধরনের হয়রানির কারণে পরীক্ষার ফলও খারাপ হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন দীপক কুমার। ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমি অবগত না। এমন কিছু তো আমি করিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...