রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘শাহবাগ বিরোধী ছাত্র-ঐক্য’-এর আয়োজিত শান্তিপূর্ণ মিছিলে বাম সংগঠনগুলোর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। বুধবার (২৮ মে) গণমাধ্যমে যৌথ বিবৃতিতে এ অভিযোগ করে শাখা শিবির।
বিবৃতিতে শাখা শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ ও সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে রাবির সচেতন ছাত্রসমাজ ও ভারতীয় আধিপত্যবিরোধী সংগঠনসমূহ ‘শাহবাগ বিরোধী ছাত্র-ঐক্য’ গঠন করে, যাতে ইসলামী ছাত্রশিবিরও সংহতি প্রকাশ করে। গতকাল ৭টা ৪০ মিনিটে ঐক্যের শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণের পর পরিবহন মার্কেটে সমাবেশ চলাকালে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট ও ছাত্র মৈত্রীর নেতাদের নেতৃত্বে বাম সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। এতে অনেক নেতাকর্মী আহত হন এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
ছাত্রশিবির জানায়, আমরা এ হামলার নিন্দা জানাই ও দোষীদের বিচার দাবি করি। তারা নিজেদের কর্মসূচি সাড়ে ৭টায় ঘোষণা করলেও ইচ্ছাকৃতভাবে ৮টা ৪০ মিনিটে মাঠে এসে হামলা চালায় এবং পরে নিজেদের ‘ভিকটিম’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করে।’
ছাত্রশিবিরের দাবি, ছাত্রদল ঘটনার তদন্ত ছাড়াই তাৎক্ষণিকভাবে ছাত্রশিবিরকে দায়ী করে বিবৃতি দেয়, যা পূর্বপরিকল্পিত বা ‘স্ক্রিপটেড’ মনে হচ্ছে। এক সময় বাম সংগঠনগুলোর সহিংস রাজনীতিতে ছাত্রলীগ যেভাবে ভ্যানগার্ডের ভূমিকা পালন করত, আজ সেই একই ভূমিকায় দেখা যাচ্ছে রাবি ছাত্রদলকে।
অন্যদিকে গতকাল মঙ্গলবার রাতে গণতান্ত্রিক বামজোটের পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে শিবিরের হামলার অভিযোগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
বিবৃতিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী জানান, শিবির ক্যাম্পাসে ক্যাম্পাসে তাদের পুরনো সন্ত্রাসের রাজনীতি কায়েম করার এক্সপেরিমেন্ট হিসেবে রাবিতে আজকের হামলা করেছে। আমি সারা বাংলাদেশের সকল দেশপ্রেমিক শিক্ষার্থীকে নিজ নিজ জায়গা থেকে এই হামলার প্রতিবাদ জানানোর আহ্বান জানাই। একইসাথে আজকের হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সন্ত্রাসীদের বিচারের দাবি জানাই।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

