শাবিপ্রবিতে পোষ্য কোটা বহাল, শিক্ষার্থীদের ক্ষোভ

প্রতিনিধি, শাবিপ্রবি

শাবিপ্রবিতে পোষ্য কোটা বহাল, শিক্ষার্থীদের ক্ষোভ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পোষ্য কোটা বহাল রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে দেখা যায়, শাবিপ্রবি প্রতি বছরের মতো ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ২০টি পোষ্য কোটাসহ ১০৫টি আসন বহাল রেখেছে কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য। তা দেখে ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থীরা। তারা জানান, অনগ্রসর গোষ্ঠী কোটা ব্যতীত অন্যান্য সকল কোটা বাতিল করতে হবে।

বিজ্ঞাপন

কোটায় আসন বহাল রাখা বিষয়ে রসায়ন বিভাগের শিক্ষার্থী বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, অনগ্রসর জাতির জন্য কোটা ব্যতীত অন্য সব কোটা বাতিলের জন্য ২ হাজারের ও বেশি মানুষ জীবন দিয়েছে ও ৫০ হাজারের ও বেশি মানুষ পঙ্গুত্ববরণ করার পরও শাবিপ্রবি প্রশাসন ভর্তিতে কোটা রেখেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। শাবিপ্রবি প্রশাসনকে বলতে চাই, অতি দ্রুত এসব কোটা বাতিল করে পুনরায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য। অন্যথায় আমরা শিক্ষার্থীরা কঠিন কর্মসূচির দিকে যাবো।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রবিউল বলেন, ‘আমরা দীর্ঘদিন যাবত পোষ্য কোটা বাতিল, সেমিস্টার ফি ও ক্রেডিট ফি কমানো নিয়ে দাবি জানিয়ে আসছি কিন্তু প্রশাসনের নিকট হতে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখিনি। তিনি আরো বলেন, ‘শাবিপ্রবি ক্যাম্পাসে অনগ্রসর জাতির জন্য কোটা ব্যতীত অন্য কোন কোটার ঠাঁই হবে না।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, বিশ্ববিদ্যালয়ে যে কোটা রাখা হয়েছে এটা মেধাবীদের আসন ছাড়া অতিরিক্ত আসন। ফলে আমাদের বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের পূর্বে গৃহীত কোনো সিদ্ধান্ত হঠাৎ করে পরিবর্তন করা যায় না।

তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের আবেদন ও সিন্ধান্তের প্রতি সবসময় আন্তরিক এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষায় ও সমৃদ্ধিতে বদ্ধপরিকর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: