ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর
ছবি: আমার দেশ

পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষার ফল পরিবর্তন হয়ে ভালো হবে, তাদেরও যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ থাকে, সে জন্য আবেদনের সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখ অপরিবর্তিত রেখে আবেদনের সময় বাড়ানোর জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি এ অনুরোধ জানান।

বিজ্ঞাপন

আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ কেমিকেল সোসাইটির (বিসিএস) ৪২তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ অনুরোধ জানান। ‘ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় রসায়নবিষয়ক উদ্ভাবন’ প্রতিপাদ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।

ছবি: আমার দেশ
ছবি: আমার দেশ

ভর্তি আবেদনের সময়সীমা বাড়ানোর বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভর্তি আবেদনের সময়সীমা ২৫ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছেন। আমি তাকে অনুরোধ করব, সময়সীমা আরো কয়েক দিন বাড়াতে—যাতে পুনর্নিরীক্ষণের ফলে যেসব শিক্ষার্থীর ফলাফল ভালো হবে, তারাও ভর্তির আবেদনের সুযোগ পায়।’

তিনি বলেন, এ বছর এইচএসসি পরীক্ষার পাসের হার প্রত্যাশিত হয়নি। ফলে অনেক শিক্ষার্থী পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। তাদের ফল পরিবর্তিত হলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সুযোগ যেন কোনোভাবেই বন্ধ হয়ে না যায়, সেটি বিবেচনায় নেওয়া প্রয়োজন। বিশ্ববিদ্যালয়গুলো যত দ্রুত সম্ভব ভর্তি পরীক্ষা নিতে পারে, তবে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর শিক্ষার্থীদের আবেদনের সুযোগ নিশ্চিত করা জরুরি।

শিক্ষামন্ত্রী জানান, এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের কার্যক্রম ৭ নভেম্বর শুরু হয়েছে, যা ২৩ নভেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। ওই দিনই পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। এ সময়ের মধ্যে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তাদের উচ্চশিক্ষায় ভর্তির আবেদনের সুযোগ করে দেওয়ার বিষয়টি বিবেচনা করেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছেন।

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল ও পুনর্নিরীক্ষণের তথ্য তুলে ধরে তিনি বলেন, প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে আগে অকৃতকার্য হওয়া প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের পর পাস করেছে। এ ছাড়া ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থীর জিপিএ বেড়েছে।

পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আইনি ভিত্তি তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, এ বছর জাতীয় সংসদে ১৯৮০ সালের আইন সংশোধন করে নতুন আইন পাস করা হয়েছে। ২০২৬ সালের এ আইনের মাধ্যমে পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ক্ষমতা দেওয়া হয়েছে। এর ফলে পুনর্নিরীক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের ফলাফলে পরিবর্তন আনার সুযোগ তৈরি হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...