রাজউক উত্তরা মডেল কলেজের অডিটোরিয়ামে শিক্ষা ও সহপাঠ বিষয়ে শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখায় কৃতী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে 'বেস্ট অব দা বেস্ট' (সেরাদের সেরা) পুরষ্কার বিতরণ করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। রোববারের এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য উপযোগী ও সামঞ্জস্যপূর্ণ শিক্ষার পরিবেশ সৃষ্টি করায় শিক্ষা প্রতিষ্ঠানটির প্রশংসা করেন তিনি।
রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা ও আত্ম উন্নয়নের স্পৃহা বৃদ্ধির লক্ষ্যে দেওয়া হয় এই পুরষ্কার। একাডেমিক শিক্ষার পাশাপাশি কো কারিকুলার ও এক্সট্রা কারিকুলার কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে এই সম্মাননা।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান বলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য কোন পেশাজীবী হওয়াটা শিক্ষার মূখ্য বিষয় নয়। বরং ভালো মানুষ হতে পারাতেই সার্থকতা। শুধু পড়াশোনা নয় বরং কো কারিকুলার ও এক্সট্রাকারিকুলার কর্মকাণ্ডের উপরেও সেরাদের সেরা পুরষ্কার দেওয়া হচ্ছে। যা শিক্ষার্থীদের আরও ভালো করতে অনুপ্রেরণা যোগাবে।
এরপর এক মনোরম সাংস্কৃতিক উপস্থাপনার আয়োজন করা হয় যার মধ্যে ছিল গান, দলীয় নৃত্য ও দলীয় নাটক। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের বৈচিত্র্যময় প্রতিভার প্রমাণ দেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাজউক চেয়ারম্যান বিভিন্ন বিষয়ে অবদান রাখায় কৃতী শিক্ষার্থীদের হাতে 'বেস্ট অব দা বেস্ট' পুরস্কার তুলে দেন। এছাড়াও জাতীয় পর্যায়ে বিভিন্ন বিষয়ে অবদান রাখা শিক্ষার্থীদের ও সম্মাননা দেওয়া হয়।
পুরস্কার বিতরণ শেষে রাজউক চেয়ারম্যান কলেজের খেলার মাঠ সহ বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন এবং কলেজের সামনে অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজউক এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

