বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত এমপিওভুক্ত করা এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছে বেসরকারি শিক্ষক-কর্মচারী চাকরি জাতীয়করণ ঐক্যজোট। একই সঙ্গে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে চলমান সমালোচনা ও অপপ্রচারকে ‘ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে তা প্রতিহতের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। সংগঠনের সদস্য সচিব প্রিন্সিপাল মো. সেলিম মিঞা লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় দেশের শিক্ষা ব্যবস্থা সংকটের মধ্য দিয়ে অতিক্রম করেছে। পরবর্তীতে ১৯৮০ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের আওতায় এনে শিক্ষা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। পরবর্তী সময়ে বিএনপি সরকারের আমলে শিক্ষা ও শিক্ষক সমাজের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয় এবং মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন। তবে সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। বর্তমান প্রেক্ষাপটে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত এমপিওভুক্ত করা এবং শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ সময়ের দাবি বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে বর্তমান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নেতৃত্বে শিক্ষা সংস্কারের কার্যক্রমের প্রশংসা করা হয়। একই সঙ্গে অভিযোগ করা হয়, একটি স্বার্থান্বেষী মহল শিক্ষার্থীদের বিভ্রান্ত করে আন্দোলন, ভাঙচুর ও সড়ক অবরোধের মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করছে এবং শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে।

শিক্ষক-কর্মচারীদের অধিকার নিশ্চিতের পাশাপাশি শিক্ষার্থীদের স্বার্থে চার দফা আহ্বান জানায় সংগঠনটি। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের অবিলম্বে শ্রেণিকক্ষে ফিরিয়ে আনা, নিয়মিত পাঠদানে উৎসাহিত করা, শিক্ষামন্ত্রীর পাশে থেকে ষড়যন্ত্র মোকাবিলা করা এবং মানবিক, আদর্শিক ও মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান।

সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক ও কো-চেয়ারম্যান মাওলানা মো. দেলোয়ার হোসেন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক কাজী মাঈনুদ্দিন, অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, অধ্যাপক আব্দুল আউয়াল, অধ্যক্ষ মো. রাকিব উদ্দিন খান, যুগ্ম মহাসচিব রোকেয়া চৌধুরী বেবী, অধ্যাপক মো. আব্দুল হাকিমসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন