কওমি মাদ্রাসা বোর্ডকে ফ্যাসিস্টমুক্ত করার দাবি

স্পোর্টস রিপোর্টার

কওমি মাদ্রাসা বোর্ডকে ফ্যাসিস্টমুক্ত করার দাবি

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড-বেফাক ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হাইয়াতুল উলইলা থেকে ফ্যাসিস্ট হাসিনার দোসরদের অপসারণ দাবি জানিয়েছে কওমি ছাত্রসমাজ।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচির ধারাবাহিকতায় শুক্রবার বিক্ষোভের ডাক দিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদ সম্মেলনে বলা হয়, বেফাকের উবায়দুর রহমান খান নদভীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি সম্প্রতি টঙ্গী মাঠে শুরায়ী নিজামের চারজন তাবলিগের সাথীর হত্যাকাণ্ডের একজন অন্যতম পরিকল্পনাকারী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারেকুল ইসলাম অভিযোগের স্বপক্ষে সাক্ষী ও প্রমাণ পেশ করেছেন।

ওই অভিযোগের সাক্ষ্য প্রমাণ পাওয়ার পর থেকেই উবায়দুর রহমান খান নদভীসহ ফ্যাসিস্ট হাসিনার দোসরদের অপসারণের দাবিতে মাঠে নামেন সচেতন কওমি ছাত্রসমাজ। দুই দফা দাবিতে স্মারকলিপি দেয় তারা।

তাদের দাবিগুলো হচ্ছে- বেফাক কর্মকর্তা উবায়দুর রহমান খান নদভী, মুফতি ফয়জুল্লাহ ও আনাস মাদানীসহ ফ্যাসিস্ট হাসিনার সকল দোসরদের অপসারণ করতে হবে। জরুরি বৈঠক ডেকে বেফাক ও হাইয়াতুল উলয়ার সকল দায়িত্ব থেকে তাদের অব্যাহতি প্রদান করতে হবে। ফ্যাসিস্ট হাসিনা তার রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য উদ্দেশ্যপ্রণোদিত ও অকার্যকর কওমি সনদের মূলা ঝুলিয়েছিল তা কার্যকর করতে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এ সব বিষয় নিয়ে গত ২৭ ও ২৮ ডিসেম্বর বেফাক কর্মকর্তাদের সঙ্গে ছাত্র কওমি ছাত্র সমাজ নেতাদের বৈঠক হয়। সব প্রামাণিক দলিল উপস্থিত থাকার পরও ফ্যাসিস্ট হাসিনার দোসররা এখনো নিজ পদে বহাল রয়েছে। এতে সারাদেশের কওমি শিক্ষার্থীরা উদ্বিগ্ন।

সংবাদ সম্মেলনে মাদরাসার প্রতিনিধি সভাপতি তোহা মাহমুদ বলেন, ফ্যাসিবাদের দোসরদের বাঁচানোর চেষ্টা হলে তাদের আন্দোলন আরও তীব্র হবে। বেফাকের বিষদাঁত উপড়ে ফেলতে, আমাদের প্রাণের শিক্ষাবোর্ড বেফাককে ফ্যাসিস্টের দোসর মুক্ত করতে আমরা আমাদের আন্দোলনকে তীব্র গতিতে রাজপথে আনতে বাধ্য হবো।

এসময় কওমি মাদ্রাসা বোর্ডকে ফ্যাসিবাদ মুক্ত করতে বৃহস্পতিবার সারাদেশের কওমি মাদরাসায় গণসংযোগ এবং শুক্রবার বায়তুল মোকাররমে বাদ জুমা বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: