ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে দেওয়া বক্তব্যে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।
সোমবার রাতে নিজস্ব ফেসবুক একাউন্টে এক পোস্টে এ দুঃখ প্রকাশ করেন তিনি। এছাড়াও ভবিষ্যতে বক্তব্য প্রদানকালে অধিকতর সচেতন হবেন বলে পোস্টে উল্লেখ করেন তিনি।
এর আগে বক্তব্য প্রদানকালে 'সাধারণ শিক্ষার্থীরা রাজনীতির 'র' বুঝে না' এবং 'জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান' শব্দের বদলে 'তথাকথিত' শব্দের ব্যবহার করেন। পরে বিষয়টি গণমাধ্যমের সাহায্যে উঠে এলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি হয়। এরই পরিপ্রেক্ষিতে তিনি ফেসবুকে নিজের ভুল স্বীকার করে পোস্ট করেন।
তিনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, 'ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে আমার দেয়া বক্তৃতার দুইটি অংশ নিয়ে আজ সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা লক্ষ্য করছি।'
'প্রথমত, আমি বলতে চেয়েছিলাম যে সাধারণ শিক্ষার্থীরা অনেক সময় রাজনীতির অনেক বিষয় নিয়ে মাথা ঘামায়নি কেননা ফ্যাসিবাদের আমলে সে পরিবেশ ছিল না। কিন্তু অসাবধানতাবশত বলে ফেলেছি সাধারণ শিক্ষার্থীরা অনেক সময় রাজনীতির "র" নিয়েও মাথা ঘামায় না। আমি আমার বক্তব্যে অসাবধানতাবশত এ বাক্যটি বলেছি। আমি এ বাক্য দ্বারা কখনোই সাধারণ শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা নিয়ে কখনোই প্রশ্ন তুলিনি এবং আমি আমার পুরো রাজনৈতিক জীবনে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এরকম মনোভাব কখনো কোথাও পোষণ করিনি। বরং আমি সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্ট ধারণ করি এবং আজীবন তা ধারণ করার জন্য বদ্ধপরিকর। কিন্তু তা সত্ত্বেও আমার এই কথায় কেউ মনঃক্ষুণ্ন হয়ে থাকলে৷ তাদের প্রতি আমি আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।'
'দ্বিতীয়ত, বক্তব্যের একটি পর্যায়ে তথাকথিত শব্দটি অনেকটা অসাবধানতাবশত "জুলাই-আগস্টের আন্দোলন" কথাটির আগে আমি উচ্চারণ করেছি।
এই বিষয়ে আমি অত্যন্ত দুঃখিত। কারণ এ বিষয়ে বক্তব্য রাখার সময় আমার আরও বেশি সচেতন হতে হবে।'
'আমার অনাকাঙ্ক্ষিত এই কথাটি সেই আবেগের জায়গায় যদি আঘাত দিয়ে থাকে আমি সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
আমি আশা রাখবো আমরা সকলে মিলে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে আরও অধিক পরিমাণে রাজনীতি সচেতন হবো এবং গঠনমূলক সমালোচনা ও তার যুক্তিযুক্ত জবাবের মাধ্যমে গণতান্ত্রিক রাজনীতির সুস্থ চর্চাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। বাংলাদেশ জিন্দাবাদ।'
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

