ঢাবিতে মশাল মিছিল

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ছাত্রদলের উদ্বেগ

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ছাত্রদলের উদ্বেগ

সারাদেশে অব্যাহত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং কক্সবাজারে বিএনপি নেতাকে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

বিজ্ঞাপন

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বিশেষ করে কক্সবাজারে বিএনপির ভারুয়াখালী ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রহিম উদ্দিন সিকদারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বক্তব্যে গণেশ চন্দ্র রায় সাহস বলেন, অন্তর্বর্তী সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে মব কালচার উসকে দিচ্ছে। তারা ছাত্র-জনতার প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ। বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নড়বড়ে অবস্থারই প্রমাণ।

তিনি আরও বলেন, সংস্কারের নামে কিছু এনজিওকর্মী এখন গণতন্ত্রপন্থী ছাত্ররাজনীতির ভেতরে বিভ্রান্তি ছড়াচ্ছে। একের পর এক সহিংসতা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে।

সমাবেশে সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, একটি গুপ্ত সংগঠন দেশে চক্রান্ত করে চলেছে। তাদের ছত্রছায়ায় ক্ষমতাসীনরা সন্ত্রাস চালাচ্ছে। আমরা এ অবস্থার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং কক্সবাজারের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি করছি।

প্রসঙ্গত, কক্সবাজার সদরের ভারুয়াখালীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে জামায়াতে ইসলামির ফাতেরঘোনা ইউনিটের নেতা আব্দুল আল নোমানের নেতৃত্বে হামলার শিকার হন বিএনপি নেতা রহিম উদ্দিন সিকদার (৫৫)। তিনি মঙ্গলবার (১৫ জুলাই) চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এছাড়া বুধবার দুপুরে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ও গাড়িবহরে দফায় দফায় হামলা চালায় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রদল এই দুই ঘটনাকে গণতন্ত্র ও রাজনৈতিক অধিকার হরণের ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন