টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষাকে শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি ও অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে কার্যকরভাবে যুক্ত করতে হবে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘ফ্রম ক্লাসরুম টু ইকোনমি’ শীর্ষক এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন ববি হাজ্জাজ।
অনুষ্ঠানটি আয়োজন ও সঞ্চালনা করেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। এতে বাংলাদেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং শিক্ষা থেকে কর্মসংস্থান ও অর্থনৈতিক উৎপাদনশীলতায় যাওয়ার পথ নিয়ে আলোচনা হয়।
ববি হাজ্জাজ বলেন, একটি দেশের টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ। তাই শিক্ষার্থীদের শুধু ডিগ্রি অর্জনের জন্য নয়, বাস্তব জীবন ও কর্মক্ষেত্রের প্রয়োজন অনুযায়ী প্রস্তুত করতে হবে।
শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। তরুণদের ভবিষ্যৎ কর্মবাজারের উপযোগী করে গড়ে তোলা এবং উদ্যোক্তা ও উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি খাত ও অন্যান্য অংশীজনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও উল্লেখ করেন।
আলোচনায় শিক্ষা থেকে দক্ষতা, দক্ষতা থেকে কর্মসংস্থান এবং কর্মসংস্থান থেকে উৎপাদনশীলতা ও অর্থনৈতিক শক্তি সৃষ্টির একটি ধারাবাহিক ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা উঠে আসে।
অনুষ্ঠানে সরকার ও নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠান এবং নিউইয়র্কের বাংলাদেশি প্রবাসী পেশাজীবীরা অংশ নেন। তাঁরা শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সঙ্গে শ্রমবাজারের চাহিদা এবং কর্মসংস্থানের সুযোগের আরও ঘনিষ্ঠ সংযোগ তৈরির বিভিন্ন দিক নিয়ে মতামত দেন।
ববি হাজ্জাজের বক্তব্যে দেশের মানবসম্পদ উন্নয়ন ও শিক্ষা খাতে প্রবাসী বাংলাদেশি পেশাজীবীদের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানোর বিষয়টিও গুরুত্ব পায়। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের তরুণদের জন্য নতুন সুযোগ তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় শিক্ষার সঙ্গে কর্মমুখী দক্ষতার সমন্বয় ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এক্ষেত্রে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি খাত, নিয়োগদাতা প্রতিষ্ঠান ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
আলোচনায় অংশগ্রহণকারীরা বাংলাদেশের তরুণ প্রজন্মকে দক্ষ, কর্মক্ষম ও ভবিষ্যৎ কর্মবাজারের উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


