পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি ঘটনাটি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার ‘ঢাকা ইউনিভার্সিটি অর্ডিন্যান্সেস অ্যান্ড রেগুলেশনস’-এর চ্যাপ্টার ১১-এর ধারা ৫(২) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ বহিষ্কারাদেশ দেন।

বিজ্ঞাপন

সাময়িকভাবে বহিষ্কৃত মো. রায়হান খান বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিজয় একাত্তর হলের আবাসিক (সংযুক্ত) শিক্ষার্থী এবং তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি পৌরসভার সবুজবাগ এলাকায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্তের জন্য প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং-কে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— অধ্যাপক ড. এনামুল হক সজীব, অধ্যাপক ড. শান্টু বড়ুয়া, ড. আলী মোহাম্মদ কাওসার এবং মো. আমজাদ হোসেন। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন ও প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে এ বিষয়ে পরবর্তী চূড়ান্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন