নীল নদ থেকে ইউফ্রেটিস, বৃহত্তর ইসরাইল প্রতিষ্ঠার পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা

নীল নদ থেকে ইউফ্রেটিস, বৃহত্তর ইসরাইল প্রতিষ্ঠার পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা
ছবি: আলজাজিরা।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিওর একটি বিশাল গির্জায় দাঁড়িয়ে মানচিত্র দেখাচ্ছিলেন যাজক জন হেগি। তিনি বলেন, ঈশ্বর ইহুদি জনগোষ্ঠীকে আধুনিক মিসরের অর্ধেক, পুরো ইসরাইল, লেবানন, সিরিয়া, জর্ডান, কুয়েত এবং সৌদি আরবের তিন-চতুর্থাংশ ভূখণ্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বিজ্ঞাপন

এটি কোনো দর-কষাকষির বিষয় নয় বলে অনুসারীদের জানান হেগি। তার ভাষায়, ‘ঈশ্বর বলছেন না, চলো একটা সমঝোতা করি। তিনি বলছেন, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত।’

হেগি কোনো প্রান্তিক ধর্মীয় প্রচারক নন। তিনি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী ইসরাইলপন্থী সংগঠন ‘ক্রিশ্চিয়ানস ইউনাইটেড ফর ইসরাইল’ (সিইউএফআই)-এর প্রতিষ্ঠাতা। সংগঠনটির দাবি, তাদের সদস্যসংখ্যা এক কোটির বেশি।

ক্রিশ্চিয়ানস ইউনাইটেড ফর ইসরায়েল (সিইউএফআই)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, পাস্টর জন হেগি। ছবি: আলজাজিরা।
ক্রিশ্চিয়ানস ইউনাইটেড ফর ইসরায়েল (সিইউএফআই)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, পাস্টর জন হেগি। ছবি: আলজাজিরা।

একটি প্রামাণ্যচিত্রে দেখানো হয়েছে, কীভাবে ধর্মীয় গ্রন্থের বর্ণনা ভূগোলের ব্যাখ্যায় রূপ নেয়, সেই ভূগোলকে ভূখণ্ডের অধিকার হিসেবে তুলে ধরা হয় এবং শেষ পর্যন্ত তদবির, নির্বাচন ও নীতিনির্ধারণের মাধ্যমে তা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে প্রভাব বিস্তার করে।

নীল নদ থেকে ইউফ্রেটিস

ইসরাইল বিষয়ক ‘ক্রিশ্চিয়ান জায়োনিস্ট’ (খ্রিস্টান জায়নবাদী) মানচিত্রটি এসেছে ধর্মগ্রন্থ থেকে, বাইবেলের ওল্ড টেস্টামেন্টের আদিপুস্তক বা জেনেসিসের ১৫তম অধ্যায়ে। সেখানে আব্রাহামের বংশধরদের মিসরের নদী থেকে ইউফ্রেটিস পর্যন্ত ভূখণ্ড দেওয়ার ঈশ্বরের প্রতিশ্রুতির কথা বলা হয়েছে। খ্রিষ্টান জায়নবাদী এবং ইসরাইলের কিছু উগ্র জাতীয়তাবাদীর কাছে এই বর্ণনা নিছক রূপক নয়; বরং ভূখণ্ডের ওপর অধিকার প্রতিষ্ঠার দলিল।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ইসরাইলবিষয়ক রাষ্ট্রদূত মাইক হাকাবি স্বাধীন সম্প্রচারক টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন। কার্লসন যখন ইউফ্রেটিস থেকে নীল নদ পর্যন্ত ভূখণ্ডের কথা উল্লেখ করে জানতে চান, ইসরাইলের ওই পুরো ভূখণ্ডের ওপর অধিকার আছে কি না, তখন হাকাবি বলেন, ‘তারা যদি সবটুকু নিয়ে নেয়, তাতেও সমস্যা নেই।’

এ ধরনের দৃষ্টিভঙ্গি অবশ্য নতুন নয়। শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন মিয়ারশাইমার প্রামাণ্যচিত্রে উল্লেখ করেন, ইসরাইলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন ১৯১৮ সালে ‘বৃহত্তর ইসরাইল’ প্রতিষ্ঠার যে ধারণা তুলে ধরেছিলেন। তাতে ঐতিহাসিক ফিলিস্তিনের পুরো ভূখণ্ড, দক্ষিণ লেবানন ও দক্ষিণ সিরিয়ার কিছু অংশ, জর্ডান নদীর পূর্ব তীর এবং সিনাই উপদ্বীপ অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ, এটি কেবল প্রান্তিক কোনো কল্পনা ছিল না; জায়নবাদী আন্দোলনের শুরুর দিকের কৌশলগত চিন্তাভাবনারও অংশ ছিল।

ছবি: সংগৃহীত।
ছবি: সংগৃহীত।

বর্তমান ইসরাইলি বসতি স্থাপনকারী আন্দোলনের মধ্যেও সেই ধারণার প্রতিফলন দেখা যায়। বসতি স্থাপন আন্দোলনের অন্যতম নেতা ড্যানিয়েলা ওয়েইস দক্ষিণ লেবাননকে ‘বৃহত্তর ইসরাইল’ ধারণার অংশ বলে দাবি করেছেন। তার ভাষায়, ‘এটি এর অংশ। পুরো অঞ্চলই, এমনকি সিরিয়ার কিছু অংশ, ইরাকের কিছু অংশ এবং ইরানের কিছু অংশও। এটি বিশাল।’

smotrich

ইসরাইলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচও ধর্মীয় ভাষায় এ ধারণার কথা বলেছেন। তিনি প্রকাশ্যে প্রার্থনা করে ইসরাইলের ভূখণ্ডের সীমানা সম্প্রসারণ, পূর্ণ মুক্তি এবং মন্দির নির্মাণের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। দেশটির পার্লামেন্ট নেসেটে তিনি আরো বলেছেন, ‘ফিলিস্তিনি জনগণ বলে কিছু নেই।’

২০১৭ সালে স্মোট্রিচ তার কথিত ‘ডিসাইসিভ প্ল্যান’ প্রকাশ করেন। সেখানে তিনি যুক্তি দেন যে, এই সংঘাতের সমাধান ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের মাধ্যমে নয়, বরং ইসরায়েলের বিজয়ের মাধ্যমেই হতে হবে। পরিকল্পনা অনুযায়ী, ফিলিস্তিনিদের সামনে তিনটি পথ থাকবে—ইসরাইলের স্থায়ী সার্বভৌমত্ব মেনে নেওয়া, দেশত্যাগ করা অথবা প্রতিরোধ করে পরাজিত হওয়া। প্রামাণ্যচিত্রটির ভাষ্য অনুযায়ী, এই পরিকল্পনায় কার্যত আনুষ্ঠানিকভাবে সংযুক্তির ঘোষণা ছাড়াই ফিলিস্তিনি ভূখণ্ড দখলে রাখার আদর্শিক ভিত্তি তুলে ধরা হয়েছে।

বৃহত্তর ইসরাইলের পরিকল্পনায় ইরাকের অবস্থান

‘বৃহত্তর ইসরাইল’ ধারণার মানচিত্রে ইরাকের অবস্থান কিছুটা জটিল। জেনেসিসের ১৫:১৮ অধ্যায়ে ইউফ্রেটিস নদীকে প্রতিশ্রুত ভূখণ্ডের পূর্ব সীমানা হিসেবে উল্লেখ করা হয়েছে। নদীটি ইরাকের মধ্য দিয়েও প্রবাহিত। তবে এই ধারণার প্রধান কৌশলবিদ ও আদর্শিক প্রবক্তারা সাধারণত বাগদাদ দখলের কথা বলেননি। বরং তাদের লক্ষ্য ছিল ইরাকের রাষ্ট্রীয় শক্তি দুর্বল করা।

১৯৮২ সালে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা ওডেদ ইয়িনন বিশ্ব জায়নবাদী সংস্থার সাময়িকী ‘কিভুনিম’-এ ‘আ স্ট্র্যাটেজি ফর ইসরাইল ইন দ্য এইটিজ’ শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করেন। এতে তিনি ইরাককে ইসরাইলের সবচেয়ে বড় কৌশলগত হুমকি হিসেবে উল্লেখ করেন। তার প্রস্তাব ছিল, দেশটিকে তিন ভাগে বিভক্ত করা—দক্ষিণে শিয়া রাষ্ট্র, মধ্যাঞ্চলে সুন্নি রাষ্ট্র এবং উত্তরে কুর্দি রাষ্ট্র। ইরাকের এই বিভক্তি কৌশলগত লক্ষ্য হিসেবে ‘নিশ্চিত’ বলে উল্লেখ করেছিলেন তিনি।

ছবি: সংগৃহীত।
ছবি: সংগৃহীত।

এর ১৪ বছর পর, ১৯৯৬ সালে ইসরাইলের তৎকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য ‘আ ক্লিন ব্রেক: আ নিউ স্ট্র্যাটেজি ফর সিকিউরিং দ্য রিয়েলম’ শীর্ষক একটি নীতিপত্র তৈরি করা হয়। রিচার্ড পার্লের নেতৃত্বে একটি গবেষক দল এটি প্রস্তুত করে। দলটির অন্য সদস্যদের মধ্যে ছিলেন ডগলাস ফেইথ ও ডেভিড ওয়ার্মসার।

নীতিপত্রটিতে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরানোকে ‘নিজস্ব গুরুত্বেই ইসরাইলের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য’ হিসেবে উল্লেখ করা হয়। পরবর্তী সময়ে তিন লেখকই জর্জ ডব্লিউ বুশ প্রশাসনে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে ইরাক আক্রমণের আগে তারা প্রশাসনের জ্যেষ্ঠ পদে ছিলেন।

তবে প্রামাণ্যচিত্রে বলা হয়েছে, ‘বৃহত্তর ইসরাইল’ ধারণা জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের ইরাক যুদ্ধের সিদ্ধান্তে ভূমিকা রেখেছিল—এমন কোনো প্রমাণ নেই। অন্যদিকে, সান আন্তোনিওর সেই গির্জার যাজক হেগি ইরাক যুদ্ধকে ‘শেষের শুরুর অধ্যায়’ এবং ‘প্রলয়ের দ্বার’ বলে আখ্যা দিয়েছিলেন।

অর্থাৎ, ‘বৃহত্তর ইসরাইল’ ভাবনায় ইরাকের গুরুত্ব শুধু ভূখণ্ডগত নয়, কৌশলগতও। জর্ডান নদীর পূর্বে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী আরব রাষ্ট্রকে হুমকি হিসেবে দেখা হয়; অন্যদিকে বিভক্ত ইরাককে সুযোগ হিসেবে বিবেচনা করা হয়।

 

ধর্মীয় প্রচার থেকে বাস্তব নীতিতে

ধর্মীয় ভবিষ্যদ্বাণী কিংবা ঈশ্বরের ইচ্ছার কথা বলা হলেও মানচিত্র নিজে থেকে বদলে যায় না। বসতি স্থাপনও আপনা-আপনি হয় না, আকাশ থেকে নিজে নিজে বোমা পড়ে না।

প্রামাণ্যচিত্রটিতে দেখানো হয়েছে, কীভাবে ধর্মীয় বিশ্বাস, অর্থ ও রাজনৈতিক সমর্থনের সমন্বয়ে একটি প্রকল্প এগিয়ে নেওয়া হয়। ধর্মীয় মতাদর্শকে তদবির, সরকারি অর্থ বরাদ্দ, সামরিক অবকাঠামো এবং ভূখণ্ডের সীমানা নির্ধারণের নীতিতে রূপ দেওয়া হয়।

প্রামাণ্যচিত্রটির ভাষ্য অনুযায়ী, এটি প্রাচীন ধর্মতত্ত্বের বিষয় নয়; বরং বর্তমান সময়ের নীতিনির্ধারণের সঙ্গে যুক্ত। ইসরাইলি বুলডোজার পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তায় ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে। ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে অবস্থান ধরে রেখেছে। গোলান মালভূমির বাইরে সিরিয়ার আরো ভেতরে অগ্রসর হয়েছে ইসরাইলি সেনারা। অন্যদিকে ওয়াশিংটনে ধর্মীয় বক্তব্য রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে চলেছে।

প্রামাণ্যচিত্রটির উপসংহারে বলা হয়েছে, ধর্মোপদেশ, রাজনৈতিক ভাষণ আর বুলডোজার—এগুলো এখন আর আলাদা কোনো ঘটনা নয়; বরং এগুলো একই গল্পের অংশ।

সূত্র: আলজাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...