বন্ড সুবিধায় আমদানিকৃত ফেব্রিক্স অবৈধভাবে অপসারণ ও রপ্তানি ঘোষণায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে দুটি পৃথক কমার্শিয়াল চালানে অনিয়ম উদ্ঘাটন করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস, আইসিডি। এই দুই চালানে আনুমানিক দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে বলে কাস্টমস সূত্র জানিয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রামের কমিশনারের নির্দেশনায় গঠিত প্রিভেন্টিভ টিম এ অভিযান পরিচালনা করে।
ইগল টেক্সটাইলসের চালান আটক
গত ১১ নভেম্বর ২০২৬ (বুধবার) দুপুরে কিউএনএস কন্টেইনার সার্ভিস লিমিটেড অফডকে রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘ইগল টেক্সটাইলস’-এর (কাটগড়া বাজার, সাভার, ঢাকা) একটি বিল অব এক্সপোর্টের (নম্বর: সি-৭১২৮৩৬) শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। চালানে ৪টি আইটেমের (লেডিস ও মেনস শার্ট, ট্রাউজার ও ড্রেস) ২৩৭ কার্টুন ঘোষণা থাকলেও পরীক্ষায় নিট ও ডেনিম কাপড়ে তৈরি ১৪ ধরনের ১ লাখ ৭৩ হাজার ৩৪৯ পিস স্টক লট গার্মেন্টস পাওয়া যায়, যা সম্পূর্ণ ঘোষণা বহির্ভূত। এছাড়া বিকেএমইএ প্রদত্ত ইউডির (UD) সঙ্গে প্রাপ্ত পণ্যের ফেব্রিক্স কম্পোজিশন অসংগতিপূর্ণ পাওয়া যায়। বন্ড সুবিধার অপব্যবহারের মাধ্যমে এই চালানে ৮০ লাখ টাকার অধিক রাজস্ব ফাঁকি এবং স্থানীয়ভাবে সংগৃহীত পোশাকের বিপরীতে প্রায় ৯ লাখ টাকার মূসক পরিহার করা হয়েছে।
রিয়াজ নিটওয়্যারের চালানে অনিয়ম
এর আগে গত ২৮ অক্টোবর ২০২৬ (বুধবার) শফি মোটরস লিমিটেড অফডকে রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘রিয়াজ নিটওয়্যার লিমিটেড’-এর একটি বিল অব এক্সপোর্টের (নম্বর: সি-৬৪৯০৪৬) চালান কায়িক পরীক্ষা করা হয়। ঘোষণায় ৬৮৭ কার্টুনে মেনস পলো শার্ট থাকার কথা থাকলেও পরীক্ষায় নিট ও ডেনিম ফেব্রিক্সে তৈরি ৫০ ধরনের ঘোষণাবহির্ভূত গার্মেন্টস পাওয়া যায়। এ ছাড়া ইউডিতে বর্ণিত ৬৫ হাজার ৫০ পিস নির্দিষ্ট ফেব্রিক্সের কোনো অস্তিত্ব কায়িক পরীক্ষায় পাওয়া যায়নি। বন্ড সুবিধার অপব্যবহারের এই ঘটনায় জড়িত রাজস্বের পরিমাণ আনুমানিক ৭০ লক্ষ টাকার অধিক।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, উভয় ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত ও মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে। রাজস্ব সুরক্ষা এবং বন্ড সুবিধার অপব্যবহার রোধে এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


