বিগত দুই দশকেরও বেশি সময় ধরে সাবলীল অভিনয় ও নান্দনিক রূপায়ণে দর্শকের মনে বিশেষ স্থান করে নিয়েছেন দর্শকপ্রিয় অভিনেত্রী ফারজানা চুমকি। কখনো মঞ্চে, আবার কখনো ছোটপর্দায় নিজের অনবদ্য অভিনয়ে তিনি বরাবরই মুগ্ধ করেছেন দর্শকদের। দুই দশকেরও বেশি সময়ের এই বর্ণাঢ্য অভিনয় যাত্রায় এসে তিনি বর্তমানে আলোচনায় রয়েছেন তার নতুন একটি ধারাবাহিক নাটক ও বহুমুখী কাজের সুবাদে।
বর্তমানে ‘নাফ এন্টারটেইনম্যান্ট’ ইউটিউব চ্যানেলে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘প্রথম প্রেমের গল্প’। এই ধারাবাহিকে ‘আয়েশা’ চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসায় ভাসছেন তিনি। নাটকটির মাত্র কয়েকটি পর্ব প্রচারের পরই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এই নাটকে চুমকি অভিনয় করছেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির (মেহনাজ কবির চরিত্রে) মায়ের ভূমিকায়। নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন গুণী অভিনেতা জাহিদ হোসেন শোভন।
নতুন কাজ নিয়ে ফারজানা চুমকি বলেন, “এই ধারাবাহিকে আয়েশা চরিত্রে অভিনয় করে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মাত্র কয়েকটি পর্ব প্রচারে এলেও নাটকটি ইতিমধ্যে তুমুল আলোচনায় এসেছে। নিলয় এবং হিমি যে কতোটা জনপ্রিয়, তা এই নাটকে অভিনয় করতে গিয়ে নতুন করে উপলব্ধি করেছি। শিল্পী হিসেবেও তারা দু’জন ভীষণ ভালো এবং বেশ বিনয়ী। আর শোভন ভাইয়ের সঙ্গে বহুদিন পর কাজ করে খুব ভালো লাগলো। আমি এই ধারাবাহিকের পরিচালক তানভীর তন্ময়সহ পুরো টিমের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি ভবিষ্যতেও আরও ভালো ভালো গল্পে অভিনয় করার প্রত্যাশা রাখি।”
‘প্রথম প্রেমের গল্প’ ছাড়াও ফারজানা চুমকি ব্যস্ত রয়েছেন বৈচিত্র্যময় সব কাজ নিয়ে। কিছুদিন আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প অবলম্বনে নির্মিত ‘জীবিত ও মৃত’ নাটকে ‘কাদম্বিনী’ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। এ ছাড়া বর্তমানে সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ‘আমরা ভাইরাল’ নামের একটি ধারাবাহিক নাটকেও নিয়মিত অভিনয় করছেন।
ছোটপর্দার পাশাপাশি মঞ্চনাটকের প্রতিও তার রয়েছে গভীর অনুরাগ। ঐতিহ্যবাহী নাট্যদল ‘ঢাকা থিয়েটার’-এর হয়ে বর্তমানে তিনি ফারুক আহমেদের নির্দেশনায় ‘রঙমহল’ নাটকে নিয়মিত অভিনয় করছেন। এ ছাড়া দলটির হয়ে শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’ নাটকেও তার নিয়মিত উপস্থিতি রয়েছে। চুমকির সাফ কথা, মঞ্চনাটকে তিনি আজীবন নিয়মিত অভিনয় করে যেতে চান।
ফারজানা চুমকির অভিনয় জীবনের পথচলা শুরু হয় ১৯৯৮ সালে সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত বহুল আলোচিত নাটক দিয়ে। এর পরের বছরই তিনি অংশ নেন সেসময়ের অত্যন্ত জনপ্রিয় ‘লাক্স আনন্দধারা ফটোজেনিক’ প্রতিযোগিতায়। প্রয়াত প্রখ্যাত আলোকচিত্রী চঞ্চল মাহমুদের তোলা ছবির মাধ্যমেই এই প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি সেকেন্ড রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন।
এরপর নিজের স্বপ্ন ও আগ্রহের জায়গা থেকেই তিনি যুক্ত হন দেশের অন্যতম শীর্ষস্থানীয় নাট্যদল ‘ঢাকা থিয়েটার’-এর সঙ্গে। ঢাকা থিয়েটারের হয়ে তিনি মঞ্চে উপহার দিয়েছেন ‘হাত হদাই’, ‘বনপাংশুল’, ‘প্রাচ্য’, ‘যৈবতীকন্যার মন’, ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’-এর মতো অসংখ্য প্রশংসিত নাটক। মঞ্চ ও টেলিভিশন—দুটি মাধ্যমেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখে ফারজানা চুমকি আজও দর্শকদের হৃদয়ে ভালোবাসার আসন ধরে রেখেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

