অপূর্ব-নীহার নতুন নাটক ‘দূরের মানুষ’

অপূর্ব-নীহার নতুন নাটক ‘দূরের মানুষ’

ছোট পর্দার এই সময়ের অন্যতম জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। এর আগে অপূর্বের বিপরীতে তারিন, রিচি সোলায়মান, বিন্দু, জাকিয়া বারী মম, নুসরাত ইমরোজ তিশা ও মেহজাবীনের মতো জনপ্রিয় অভিনেত্রীরা কাজ করলেও অপূর্বের সঙ্গে সবচেয়ে জুনিয়র শিল্পী হিসেবে জুটি বেঁধে বেশ আলোচনায় এসেছেন নীহা। এই জুটির নতুন কাজ আসছে আসছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। জাকারিয়া সৌখিনের পরিচালনায় ‘দূরের মানুষ’ শিরোনামের এই নাটকটি আগামী ৩ ডিসেম্বর ইউটিউবে মুক্তি পাবে।

নির্মাতা জাকারিয়া সৌখিনের কাজ প্রসঙ্গে অভিনেতা অপূর্ব বলেন, “সৌখিনের অনেক নাটকেই এর আগে অভিনয় করেছি এবং সবগুলো নাটকই দারুণ জনপ্রিয়তা পেয়েছে। যেহেতু সৌখিনের নাটকের গল্প তার নিজের লেখা, তাই সে নিজের মনের মতো করে তা নির্মাণ করতে পারে। আমার দীর্ঘ অভিনয়জীবনে বহু গুণী অভিনেত্রীর সঙ্গে কাজ করেছি এবং দর্শক প্রতিটি জুটিকে দারুণভাবে গ্রহণ করেছেন। তবে বর্তমান সময়ে দর্শকরা তটিনী ও নীহার বিপরীতে আমাকে দেখতে প্রবল আগ্রহ প্রকাশ করেন। যথারীতি ‘দূরের মানুষ’ নাটকেও আমাকে ও নীহাকে দেখা যাবে। নীহা এখন আগের চেয়ে অনেক ভালো করছে এবং আমার বিশ্বাস, সে আগামীতে আরও অনেক ভালো করবে।”

বিজ্ঞাপন

সহশিল্পী অপূর্ব সম্পর্কে নীহা বলেন, “অপূর্ব ভাইয়া ভীষণ গুণী একজন অভিনেতা। শুটিংয়ের সময় আমার কোনো কিছু নিয়ে দ্বিধা হলে আমি তাকে অনায়াসেই জিজ্ঞেস করি, এতে আমারই উপকার হয় এবং অভিনয় আরও প্রাণবন্ত হয়ে ওঠে। ‘দূরের মানুষ’ নিয়ে আমি ভীষণ আশাবাদী, আশা করছি নাটকটি দর্শকের মনে বিশেষ জায়গা করে নেবে।”

এদিকে নাটকের পাশাপাশি স্টেজ শো নিয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন জিয়াউল ফারুক অপূর্ব। খুব শীঘ্রই তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন, যেখানে আগামী ডিসেম্বরের মাঝামাঝিতে আরও একটি গানের সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন এই জনপ্রিয় অভিনেতা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন