এই প্রজন্মের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী ইয়াশ রোহান ও নাজনীন নীহা জুটিবদ্ধ হয়ে খুব কম নাটকেই অভিনয় করেছেন। তবে তারা দুজন যে কটি নাটকে একসঙ্গে কাজ করেছেন, তার প্রায় প্রতিটিই দর্শকের মাঝে দারুণ সাড়া ফেলেছে। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো—‘আমার প্রথম প্রেমিকা’, ‘উইশকার্ড’, ‘অবুঝ পাখি’ ইত্যাদি।
এই ধারাবাহিকতায় সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে তাদের নতুন নাটক ‘মনের মতো মন’। ইমরাউল রাফাত পরিচালিত নাটকটি প্রচারের পর অল্প কিছুদিনের মধ্যেই দুই কোটিরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।
নাটকটি প্রসঙ্গে ইয়াশ রোহান বলেন, “রাফাত ভাই ভীষণ যত্ন নিয়ে নাটক নির্মাণ করেন। তার নির্মিত ‘কাবিননামা’য় অভিনয় করেও অভূতপূর্ব সাড়া পেয়েছি। আবার ‘মনের মতো মন’ নাটকে অভিনয় করেও বেশ সাড়া পাচ্ছি। ‘কাবিননামা’য় আমার সহশিল্পী ছিল তটিনী, আর ‘মনের মতো মন’-এ নীহা। নীহা আগের চেয়ে অভিনয়ে অনেক ম্যাচিউরড হয়েছে, যে কারণে তার সঙ্গে অভিনয়টা এখন বেশ জমে। আশা করছি আমাদের সামনের কাজগুলো আরও ভালো হবে।”
অভিনয় প্রসঙ্গে নাজনীন নীহা বলেন, ‘“মনের মতো মন’ আমার বেশ ভালো লাগার একটি নাটক। ইয়াশ রোহানের সঙ্গে আগেও বেশ কয়েকটি ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করেছি। প্রতিটি নাটকে অভিনয়ের জন্য দারুণ সাড়া পেয়েছি। ‘মনের মতো মন’ তো অল্প সময়ের মধ্যে দুই কোটি ছাড়িয়ে গেছে। সত্যি বলতে কী, ভালো গল্পের নাটক দর্শক যে দেখতে চান, বারবার ভালো গল্পের নাটকই তার প্রমাণ বহন করে। যে কারণে আমি অনেক বেশি কাজ করার চেয়ে ভালো গল্পের নাটকে কাজ করতে চাই, হোক তা সংখ্যায় কম।”
এদিকে ‘মনের মতো মন’ নাটকে এই প্রজন্মের বেশ আলোচিত সংগীতশিল্পী সজীব শানের কণ্ঠে গাওয়া ‘উড়ে উড়ে মন’ গানটি শ্রোতা-দর্শকদের মাঝেও দারুণ সাড়া ফেলেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

