গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা, ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা চান ৫০ ব্রিটিশ এমপি

গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা, ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা চান ৫০ ব্রিটিশ এমপি
গাজা উপত্যকার সাথে রাফাহ সীমান্ত ক্রসিংয়ে মানবিক সহায়তাবাহী ট্রাক। ছবি: সংগৃহীত।

গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে জরুরি পদক্ষেপ নেওয়া এবং ইসরাইলের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের ৫০ জনেরও বেশি সংসদ সদস্য (এমপি)। এ বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়ে একটি সংসদীয় প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাতে লেবার পার্টির এমপি রিচার্ড বার্গন প্রস্তাবটি উত্থাপন করেন। এতে জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়েছে, গাজায় বাস্তুচ্যুত হাজার হাজার পরিবারের আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরাইলের হামলায় ঘরবাড়ি, পয়োনিষ্কাশন ব্যবস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হওয়ায় অধিকাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।

প্রস্তাবে গাজায় আশ্রয় তৈরির উপকরণ, বন্যা মোকাবিলার সামগ্রী ও পুনর্নির্মাণের সরঞ্জাম প্রবেশে ইসরাইলের বিধিনিষেধের নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে মানবিক ত্রাণ এবং আন্তর্জাতিক সহায়তাকর্মীদের প্রবেশে বাধা দূর করার আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) তথ্য অনুযায়ী, গাজার প্রায় ৬৫ শতাংশ মানুষ, অর্থাৎ ১৪ লাখ ফিলিস্তিনি তাবু কিংবা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন। গত সপ্তাহে প্রবল বৃষ্টি ও ঝড়ে হাজার হাজার তাবু প্লাবিত অথবা ধ্বংস হয়েছে।

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল গত মাসে জানিয়েছে, ইসরাইলি কর্তৃপক্ষ জর্ডান থেকে গাজায় সপ্তাহে মাত্র ১৫টি ট্রাক প্রবেশের অনুমতি দিচ্ছে, যেগুলোতে দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য রয়েছে।

এদিকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী রামিজ আলাকবারভ জানিয়েছেন, ত্রাণবাহী ট্রাকে থাকা দেড় লাখ তাবু গাজার বাইরে আটকে আছে। অথচ উপত্যকাটিতে আশ্রয় ও শীতকালীন প্রয়োজনীয় সামগ্রীর মজুত শেষ হয়ে গেছে।

সংসদীয় প্রস্তাবে লেবার সরকারের প্রতি গ্লোবাল হিউম্যান রাইটস অ্যান্ড ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান ল স্যাংশনস রেগুলেশনস ২০২৬-এর আওতায় গাজায় ত্রাণ পৌঁছাতে বাধা দেওয়া ইসরাইলি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে।

সূত্র: মিডল ইস্টন আই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...