দেশে বর্তমানে ৫০ হাজার ৯৫১টি অনুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশার চার্জিং স্টেশন রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি জানান, বিদ্যুৎ বিভাগের আওতাধীন সব বিতরণকারী সংস্থা ও কোম্পানির অধীনে এই স্টেশনগুলো পরিচালিত হচ্ছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে জামায়াতের সংসদ সদস্য আব্দুল বারী সরদারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।
অবৈধ সংযোগ ও বিদ্যুৎ চুরি রোধে পদক্ষেপ
বিদ্যুৎমন্ত্রী বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগ, বিদ্যুৎ চুরি এবং মিটার কারসাজি প্রতিরোধ এবং গ্রাহকসেবার মান উন্নত করতে বিভিন্ন বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—এএমআর ও প্রিপেইড মিটার স্থাপন, স্মার্ট প্রিপেইড মিটার চালু, নতুন বিতরণ লাইন নির্মাণ ও উন্নয়ন এবং নন-স্ট্যান্ডার্ড লাইনগুলোকে মানসম্মত করা। হুকিং বা অবৈধ সংযোগের মাধ্যমে অটোরিকশার চার্জিং স্টেশনগুলোতে বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে বিতরণকারী সংস্থা ও কোম্পানিগুলোর নিজস্ব জনবল দিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।
এলপিজি সরবরাহ বাড়াতে মেগা উদ্যোগ
বিএনপির সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ও জামায়াতের সংসদ সদস্য আমির হামজার পৃথক প্রশ্নের জবাবে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, সরকারিভাবে এলপিজির সরবরাহ বাড়ানোর জন্য চট্টগ্রামের সীতাকুণ্ডে বছরে এক লাখ মেট্রিক টন উৎপাদনক্ষমতার একটি এলপিজি স্টোরেজ ও বটলিং প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য জমি অধিগ্রহণসহ প্রাথমিক কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। এ ছাড়া মোংলায় প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে এলপিজি স্টোরেজ ও বটলিং প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে। পাশাপাশি মাতারবাড়ী, মোংলা ও টাঙ্গাইলের এলেঙ্গায় এ ধরনের প্ল্যান্ট স্থাপনের কার্যক্রমও চলমান রয়েছে।
তিনি আরও জানান, দ্রুত এলপিজি আমদানির লক্ষ্যে জি-টু-জি (রাষ্ট্রীয় পর্যায়) ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আমদানি করা এই এলপিজি মহেশখালীর মাতারবাড়ীতে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের জেটি ব্যবহার করে খালাস করা হবে। পাশাপাশি মাতারবাড়ী এলাকায় একটি স্থায়ী এলপিজি স্টোরেজ টার্মিনাল স্থাপনের পদক্ষেপও নেওয়া হচ্ছে।
জ্বালানি তেলের ভর্তুকি ও বিপিসির লোকসান
জামায়াতের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশে জ্বালানি তেলের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ও সহনীয় রাখার স্বার্থে সরকার ভর্তুকি মূল্যে জ্বালানি বিক্রি করছে। এর ফলে চলতি মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) প্রায় ২৭ হাজার ৬৬৯ কোটি ৭৯ লাখ টাকা লোকসান গুনতে হয়েছে। আন্তর্জাতিক বাজারের চেয়ে অনেক কমে জ্বালানি বিক্রির কারণে এই লোকসান হওয়া সত্ত্বেও বিপিসি নিজস্ব তহবিল ব্যবহার করে বিগত আট মাস ধরে জ্বালানি তেলের আমদানি ও সরবরাহ কার্যক্রম স্বাভাবিক রেখেছে। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও হ্রাস পেলে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা অনুযায়ী দেশের বাজারেও ভোক্তা পর্যায়ে দাম পুনর্বিনাধারণ করা হবে।
পাথর উত্তোলনের খনি ও নতুন সম্ভাবনা
বিএনপির সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনের প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী জানান, দেশে বর্তমানে প্রতিবছর পাথরের চাহিদা রয়েছে ২৫ থেকে ৩০ মিলিয়ন মেট্রিক টন। তবে দেশীয় খনি থেকে এই চাহিদার মাত্র ৫ দশমিক ৫ শতাংশ মেটানো সম্ভব হয়। বর্তমানে মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে বছরে ১ দশমিক ৬৫ মিলিয়ন মেট্রিক টন পাথর উত্তোলন করা হচ্ছে। নতুন একটি খনি উন্নয়নের সম্ভাব্যতা সমীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে বার্ষিক পাথর উত্তোলনের পরিমাণ ৪ দশমিক ৯৫ মিলিয়ন মেট্রিক টনে উন্নীত হবে। বিদ্যমান ও প্রস্তাবিত উভয় খনির পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) সম্পন্ন করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া হয়েছে। বিশেষ করে নতুন খনির স্থান নির্বাচনে কৃষিজমি ও জনবসতির সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
ইস্টার্ন রিফাইনারি ইউনিট-২ বাস্তবায়ন
খেলাফত মজলিসের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি সংকট নিরসন এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প ‘ইস্টার্ন রিফাইনারি লিমিটেড-এর দ্বিতীয় ইউনিট (ইআরএল-২)’ বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। এ লক্ষ্যে গত ৩ সেপ্টেম্বর বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) মধ্যে ১ দশমিক ০০৪ বিলিয়ন ডলার (প্রায় ১২ হাজার ৩০০ কোটি টাকা) মূল্যের একটি গুরুত্বপূর্ণ ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বিদ্যুৎ উৎপাদন খরচ ও ভর্তুকি
সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে বিদ্যুৎমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে দেশে বিদ্যুতের গড় উৎপাদন খরচ ছিল প্রতি ইউনিট ১১ টাকা ১০ পয়সা। অন্যদিকে বিভিন্ন বিতরণ কোম্পানির মাধ্যমে গ্রাহকদের কাছে প্রতি ইউনিট গড়ে ১০ টাকা ৪০ পয়সা দরে বিদ্যুৎ বিক্রি করা হয়েছে। সরকার বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে প্রতি ইউনিট গড়ে ১৩ টাকা ২০ পয়সা দরে বিদ্যুৎ ক্রয় করে থাকে। এই ক্রয়মূল্য ও পাইকারি বিক্রয়মূল্যের পার্থক্য মেটাতে সরকার ভর্তুকি প্রদান করে থাকে। ওই অর্থবছরে বিদ্যুৎ খাতে সরকার মোট ৪৩ হাজার ১৯৬ কোটি টাকা ভর্তুকি দিয়েছে।
প্রিপেইড মিটার ও ডিমান্ড চার্জ
জামায়াতের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের প্রশ্নের জবাবে মন্ত্রী স্পষ্ট করেন যে, অনুমোদিত লোডের বিপরীতে প্রিপেইড মিটারের ক্ষেত্রে ডিমান্ড চার্জ ও ভ্যাট কোনো বিশেষ বা অতিরিক্ত চার্জ নয়। প্রচলিত পোস্টপেইড মিটারের মাসিক বিলেও একই হারে এই চার্জ প্রযোজ্য হয়। তবে ইউটিলিটি প্রতিষ্ঠানের সরবরাহ করা প্রিপেইড মিটারের ক্ষেত্রে মাসিক মিটার ভাড়া দিতে হলেও কোনো গ্রাহক যদি খোলা বাজার থেকে নিজস্ব প্রিপেইড মিটার কিনে স্থাপন করেন, তবে এই ভাড়া এড়াতে পারবেন।
খনিজ সম্পদের সন্ধান
বিএনপির সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞার প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী জানান, গত ১৫ বছরে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (জিএসবি) অনুসন্ধানে দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে দিনাজপুরের হাকিমপুর, চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলায় লৌহ আকরিক (ম্যাগনেটাইট) পাওয়া গেছে। এ ছাড়া নওগাঁর বদলগাছীর তাজপুর ও দিনাজপুরের হাকিমপুরে চুনাপাথরের সন্ধান মিলেছে। কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ব্রহ্মপুত্র ও যমুনা নদীর বালিতে ইলমেনাইট, রুটাইল, জিরকন, গারনেট ও ম্যাগনেটাইটের মতো মূল্যবান ভারী খনিজের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
এলএনজি আমদানি ও ভর্তুকি
বিএনপির সংসদ সদস্য খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী জানান, বর্তমানে দেশে মোট গ্যাস সরবরাহের প্রায় ৩৫ শতাংশ আমদানি করা এলএনজি পুনর্গ্যাসীকরণের মাধ্যমে পাইপলাইনে সরবরাহ করা হয়। চাহিদা মেটাতে চড়া দামে এলএনজি আমদানি করতে হলেও ভোক্তাদের নির্ধারিত ও সাশ্রয়ী মূল্যে গ্যাস সরবরাহ করা হয়। বৈশ্বিক পরিস্থিতির কারণে এলএনজি আমদানির ব্যয় আরও বেড়েছে। তবে আমদানির পূর্ণ মূল্যে গ্যাস বিক্রি করা সম্ভব হয় না। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত প্রক্রিয়ায় গ্যাসের দাম নির্ধারণ করে থাকে, যা সময়সাপেক্ষ। ফলে আমদানি ব্যয় ও বিক্রয়মূল্যের বিশাল ব্যবধান সরকার ভর্তুকি হিসেবে প্রদান করে। ২০২৫-২৬ অর্থবছরে এলএনজি খাতে সরকার মোট ১৪ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিয়েছে।
মসজিদের বিদ্যুৎ বিল ও ভৌতিক বিল প্রসঙ্গে
আলোচিত এক প্রশ্নের জবাবে জামায়াতের সংসদ সদস্য কামরুল হাসান ভৌতিক বিদ্যুৎ বিল, আসন্ন সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং ধর্মীয় প্রতিষ্ঠান তথা মসজিদের বকেয়া বিদ্যুৎ বিলের বিষয়টি উত্থাপন করেন।
এর জবাবে বিদ্যুৎমন্ত্রী বলেন, পূর্বে মসজিদগুলোর বিদ্যুৎ বিল মওকুফ করা হলেও পরবর্তীতে দেখা গেছে কিছু কিছু মসজিদ থেকে বাইপাস সংযোগ নিয়ে ইমাম বা অন্য ব্যক্তিদের ব্যক্তিগত বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। এই অনৈতিক কর্মকাণ্ড রোধেই মসজিদের বিদ্যুৎ বিল নেওয়া শুরু হয়েছে। বিদ্যুৎ উৎপাদনে সরকারের বিপুল ব্যয় হওয়ায় তা সম্পূর্ণ বিনা মূল্যে দেওয়া সম্ভব নয়। তবে মসজিদের বকেয়া বিল পরিশোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে কিস্তিতে বিল পরিশোধের বিশেষ সুযোগ দেওয়া হবে।
ভৌতিক বিলের বিষয়ে মন্ত্রী কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের অনিয়ম বন্ধে দেশব্যাপী প্রিপেইড ও স্মার্ট মিটার স্থাপনের সর্বাত্মক উদ্যোগ নেওয়া হয়েছে। স্মার্ট মিটার চালু হলে ভৌতিক বা ভুল বিলের কোনো সুযোগ থাকবে না। ইতিমধ্যে ভৌতিক বিল তৈরির সুনির্দিষ্ট অভিযোগে মাগুরায় একজন বিল প্রস্তুতকারী এবং একজন জেনারেল ম্যানেজারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দেশের কোথাও এ ধরনের অনিয়ম বা দুর্নীতি প্রমাণিত হলে মন্ত্রণালয়ে জানালে তাৎক্ষণিকভাবে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

