ইআবিতে মাস্টার ট্রেইনার প্রস্তুতি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ইআবিতে মাস্টার ট্রেইনার প্রস্তুতি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত “মাস্টার ট্রেইনার প্রস্তুতি প্রশিক্ষণ-২০২৬” কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (রুটিন দায়িত্বপ্রাপ্ত) ও সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মাছুমা হাবিব বলেন, উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। মাদরাসা শিক্ষার আধুনিকায়ন, পাঠদান পদ্ধতির উন্নয়ন এবং শিক্ষার্থীদের যুগোপযোগী দক্ষতা অর্জনে প্রশিক্ষিত শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবেন। উচ্চশিক্ষা ও মাদরাসা শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষণভিত্তিক সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ প্রতিষ্ঠানে ছড়িয়ে দিয়ে উচ্চ শিক্ষার মানোন্নয়নে কার্যকর অবদান রাখবেন।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, মাদরাসা শিক্ষাকে সময়োপযোগী ও কর্মমুখী করতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা প্রয়োজন। মাস্টার ট্রেইনার তৈরির মাধ্যমে এমন একদল প্রশিক্ষক তৈরি হবেন, যারা দেশব্যাপী ফাজিল ও কামিল মাদরাসার শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রশিক্ষণ, গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে বলেন ভাইস চ্যান্সেলর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং আইকিউএসি-এর পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম। এ কর্মশালা অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ পরিচালনার সক্ষমতা উন্নয়ন এবং শিক্ষার গুণগত সংস্কৃতি প্রতিষ্ঠায় সহায়ক হবে আশা প্রকাশ করে তিনি বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক প্রশিক্ষণকে প্রাতিষ্ঠানিক ও ধারাবাহিক প্রক্রিয়ায় পরিণত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী, রেজিস্ট্রার (দায়িত্ব প্রাপ্ত) প্রফেসর ড. এ. কে মুহা. নুরুল ইসলাম, বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই), গাজীপুরের অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হক এবং উপাধ্যক্ষ ড. মোহাম্মদ নুরুল্লাহ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপ-রেজিস্ট্রার জনাব ফাহাদ আহমদ মোমতাজী। কর্মশালায় দেশের বিভিন্ন ফাজিল ও কামিল মাদরাসার শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন