ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনকারী এক নারী শিক্ষার্থীকে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়া ছাত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।
মঙ্গলবার দুপুরে মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১৩ দফা দাবি উত্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন, সহকারী অধ্যাপক মার্জিয়া রহমান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন। লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষক মোশাহিদা সুলতানা এবং তাহমিনা খানম।
লিখিত বক্তব্যে বলা হয়, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে হাইকোর্টে একজন প্রার্থীর রিটের প্রসঙ্গে ওই নারী প্রার্থীকে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গণধর্ষণের’ হুমকি দিয়েছে বলে জানা গেছে। তাকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের অপরাধে জড়াতে না পারে।
সংগঠনটির উত্থাপিত ১৩ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো— মোট ভোটারের অনুপাতে পর্যাপ্ত বুথ স্থাপন, ভোটগ্রহণের সময়সীমা বিকেল ৫টা পর্যন্ত বাড়ানো, ভোট গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করতে সব পক্ষের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা, আচরণবিধি সংক্রান্ত সিদ্ধান্ত স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে গ্রহণ এবং পক্ষপাতহীনভাবে প্রয়োগ করা, শিক্ষার্থী ও শিক্ষকদের বিরুদ্ধে অরুচিকর মন্তব্য বা আক্রমণ প্রচারকারী সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ও গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, অনাবাসিক শিক্ষার্থীদের নিরাপদে ভোটকেন্দ্রে আসার জন্য পর্যাপ্ত বাস ও ট্রিপের ব্যবস্থা করা, এবং যৌন হয়রানির ঘটনা সরাসরি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলের মাধ্যমে নিষ্পত্তি করা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

