প্রতিষ্ঠার সাত বছরেও স্থায়ী ক্যাম্পাসে যেতে না পারা দেশের ১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। এই নির্দেশনা দিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে চিঠি পাঠানো হয়েছে। এর আগে গত ৮ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পত্রটি পাঠানো হয়।
এতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ১২(১) ধারা অনুযায়ী, সংশ্লিষ্ট উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বন্ধ করে দেওয়া যেতে পারে ভর্তি ও শিক্ষাসংক্রান্ত সব কার্যক্রম।
চিঠি পাওয়ার পর ইউজিসি বলছে, বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, তা পর্যালোচনা করে দেখা হচ্ছে। তবে এমন কোনো সিদ্ধান্ত তারা নেবে না, যার কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হন।
এতদিন সাময়িক অনুমতি নিয়ে চলা এ ১৬ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে- ঢাকার মোহাম্মদপুরের দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ, সাতমসজিদ রোডের ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, সিদ্ধেশ্বরীর স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, রাজারবাগের দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি, গুলশানের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, বনানীর প্রাইমএশিয়া ইউনিভার্সিটি, শ্যামলীর আশা ইউনিভার্সিটি বাংলাদেশ, পান্থপথের সোনারগাঁও ইউনিভার্সিটি ও মিরপুরের বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস।
এ ছাড়া সিলেটের নর্থইস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, ফেনীর ফেনী ইউনিভার্সিটি, কুমিল্লার ব্রিটানিয়া ইউনিভার্সিটি, চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও চট্টগ্রামের ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিও রয়েছে এ তালিকায়।
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী প্রতিষ্ঠার পর শিক্ষা মন্ত্রণালয়ের সাময়িক অনুমতি নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা কার্যক্রম চালায়। সাময়িক অনুমতির মেয়াদ থাকে সাত বছর। এ সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব জমিতে ক্যাম্পাস স্থাপন ও স্থায়ী অবকাঠামো নির্মাণসহ সাতটি শর্ত পূরণ করে স্থায়ীভাবে শিক্ষা কার্যক্রম পূরণের সনদ নিতে হয়।
শর্ত পূরণ করতে না পারা বিশ্ববিদ্যালয়গুলো সাময়িক অনুমতির মেয়াদ শেষ হওয়ার আগেই তা পাঁচ বছরের জন্য নবায়নের আবেদন করতে পারে।
আইনের ১২(১) ধারায় বলা আছে, কোনো বিশ্ববিদ্যালয় সাময়িক অনুমতিপত্রের মেয়াদের মধ্যে বা নবায়নকৃত মেয়াদের মধ্যে সনদপত্রের জন্য আবেদন করতে ব্যর্থ হলে, অথবা সনদপত্র পাওয়ার জন্য ধারা ৯-এর কোনো শর্ত পূরণে ব্যর্থ হলে, সাময়িক অনুমতিপত্র বা ক্ষেত্রমতো নবায়নকৃত সাময়িক অনুমতিপত্রের মেয়াদ অবসানের সঙ্গে সঙ্গে ভর্তি ও শিক্ষাসংক্রান্ত সব কার্যক্রম বন্ধ করতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

