শিক্ষক সংকটের কারণে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হযবরল পরিস্থিতি বিরাজ করছে। ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭৩ হাজারেরও বেশি শূন্যপদে জনবল নিয়োগ নানা জটিলতায় আটকে আছে। এতে স্থবির হয়ে পড়েছে প্রাথমিক শিক্ষা।
এরই মধ্যে যুক্ত হয়েছে সংগীত শিক্ষক নিয়োগ নিয়ে নতুন বিতর্ক। স্কুলে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি কিংবা নিয়োগ না করে সংগীত শিক্ষক নিয়োগের খবরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এদিকে প্রাথমিকের শিক্ষক সংকট নিরসনে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা; কিন্তু তার সেই নির্দেশ বাস্তবায়নে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
এতে দেশে শিক্ষার ভিত্তি বলে বিবেচিত প্রাথমিকে শিক্ষকের সংকট বেড়েই চলছে। প্রধান শিক্ষকের ৬৫ হাজারের বেশি অনুমোদিত পদের মধ্যে ৩৪ হাজারের বেশি পদই শূন্য। অর্থাৎ, প্রায় ৫২ শতাংশ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। একইসঙ্গে সাড়ে ২৪ হাজারের মতো সহকারী শিক্ষকের পদও ফাঁকা। শিক্ষকের এই সংকটের প্রভাব পড়ছে বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমেও। বিশেষ করে প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীরা বেশি ক্ষতির মুখে পড়ছে।
এ প্রসঙ্গে কিশোরগঞ্জ সদরের সরকারি আদর্শ শিশু বিদ্যালয়ের শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন শাহীন বলেন, অর্ধেক বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় যাদের ইনচার্জ দেওয়া হয়েছে, সহকারী শিক্ষকরা তাদের নির্দেশনা ঠিকমত মানছেন না। এছাড়া বিপুলসংখ্যক সহকারী শিক্ষকের পদ শূন্য থাকায় সার্বিকভাবে সমস্যা সৃষ্টি হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র বলছে, প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে শূন্য ও সৃষ্ট পদে শিগগির বড় নিয়োগ দিতে যাচ্ছে সরকার।
অধিদপ্তর বলছে, তারা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার জন্য প্রস্তুত। শূন্যপদের সব তথ্য এরই মধ্যে সংগ্রহ করা হয়েছে। তবে নিয়োগবিধিতে কোটার অংশটি পরিবর্তন ও প্রধান শিক্ষক নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামতের ভিত্তিতেই প্রক্রিয়া শুরু করা হবে। এরই মধ্যে তাদের মতামত পেয়েছে দপ্তরটি।
এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-১) ডা. ফাহিম ইকবাল জায়গীরদার আমার দেশকে বলেন, আশা করা যায় শিগগির নিয়োগ শুরু হতে পারে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে দেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট পদ রয়েছে চার লাখ ২২ হাজারের বেশি। এর মধ্যে প্রধান শিক্ষক পদ আছে ৬৫ হাজার ৪৫৭টি। শূন্য রয়েছে ৩৪ হাজার ১০৬টি। এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষকের চলতি দায়িত্বে দেওয়া হয়েছে ১৩ হাজার ৬৭৫ জনকে। একইভাবে সহকারী শিক্ষক পদ রয়েছে তিন লাখ ৫৫ হাজার ৬৫৩টি, যার মধ্যে শূন্য ২৪ হাজার ৫৩৬টি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অন্তর্বর্তী সরকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে আরো প্রায় ২০ হাজার নতুন পদ সৃষ্টি করছে। এর মধ্যে ৯ হাজার ৫৭২টি সহকারী প্রধান শিক্ষকের পদ এরই মধ্যে অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়, যা সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে পূরণ করা হতে পারে।
এছাড়া সংগীত, শারীরিক শিক্ষার শিক্ষকের জন্য পাঁচ হাজার ১৬৬টি পদ এবং চারুকলার শিক্ষকের জন্য পাঁচ হাজারের বেশি পদ সৃষ্টির কাজ শুরু হয়েছে। এসব শিক্ষককে অঞ্চলভিত্তিক পদায়ন দেওয়া হতে পারে। যখন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তখন সব পদের বিজ্ঞপ্তি একসঙ্গে দেওয়া হতে পারে।
এদিকে নিয়োগের দীর্ঘসূত্রতা, আদালতে মামলা, প্রশাসনিক জটিলতা, নিয়োগ পরীক্ষায় বিলম্ব এবং পদোন্নতিতে ধীরগতির কারণে শিক্ষকস্বল্পতা তীব্র আকার ধারণ করেছে। বর্তমানে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং সৃষ্ট নতুন পদ মিলে ৭৩ হাজারেরও বেশি পদ শূন্য রয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারির (এপিএসসি) তথ্যমতে, দেশে এখন মোট প্রাথমিক বিদ্যালয় এক লাখ ১৪ হাজার ৬৩০টি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৭টি। সরকারি-বেসরকারি সব মিলিয়ে দেশে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া মোট শিক্ষার্থী প্রায় দুই কোটি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে এক কোটির বেশি।
সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ১৭ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে তিন হাজার প্রধান শিক্ষক পিএসসির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। একটি মামলার জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না। সমাধান হলে ৩২ হাজার শিক্ষককে পদোন্নতি দেওয়া হবে। স্কুলে যাওয়ার উপযোগী প্রত্যেক শিশুর বাধ্যতামূলক, অবৈতনিক প্রাথমিক শিক্ষা দেওয়ার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৮০ ভাগ প্রধান শিক্ষকের পদোন্নতি এবং ২০ ভাগ পদে নিয়োগের মাধ্যমে শূন্যপদ পূরণ করা হবে।
সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বদলের দাবি
অন্তর্বর্তী সরকার দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছে, তা সংশোধন করে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ পাঁচ দফা দাবি জানিয়েছে সর্বদলীয় ইসলামি শিক্ষারক্ষা জাতীয় কমিটি। সম্প্রতি সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
দাবিগুলার মধ্যে রয়েছে, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ, ধর্মীয় শিক্ষক নিয়োগে একটি স্বতন্ত্র নিয়োগ প্রক্রিয়া তৈরি করা, কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস এবং আলিয়া মাদরাসা থেকে ফাজিল পাস করা ব্যক্তিদের এই পদে নিয়োগ দেওয়া, শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫ সংশোধন করে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধান অন্তর্ভুক্ত করা এবং অন্যান্য ধর্মাবলম্বীর জন্য তাদের ধর্ম অনুযায়ী শিক্ষক নিয়োগের ব্যবস্থা রাখা।
সর্বদলীয় ইসলামি শিক্ষারক্ষা জাতীয় কমিটির সংবাদ সম্মেলনে সংগঠনের নেতা অধ্যাপক মুজিবুর রহমান বলেন, অনেক স্কুলে হিন্দু শিক্ষককে ইসলামি শিক্ষার ক্লাস নিতে হচ্ছে। এখন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হলে এ সংকট কাটবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

