আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পরিবহন ভোগান্তি কমাতে জবি শিক্ষার্থীদের জন্য বাস ট্র্যাকার অ্যাপ চালু

প্রতিনিধি, জবি

পরিবহন ভোগান্তি কমাতে জবি শিক্ষার্থীদের জন্য বাস ট্র্যাকার অ্যাপ চালু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহন ভোগান্তি কমাতে ও যাতায়াত সহজ করতে বাস ট্র্যাকার অ্যাপ ‘জবি এক্সপ্রেস’ চালু করেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের দ্বিতীয় তলায় জকসু কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

জকসুর সহ-সভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাপটির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বাসের অবস্থান ও সময়সূচি নিয়ে অনিশ্চয়তার মধ্যে ছিলেন। বিশেষ করে ছাত্রীদের ভোরে বাসের জন্য রাস্তায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো, যা নিরাপত্তাজনিত ঝুঁকি ও ছিনতাইয়ের মতো ঘটনার কারণ হয়ে দাঁড়াত। এসব সমস্যা সমাধানের লক্ষ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সহযোগিতায় জকসুর উদ্যোগে ‘জবি এক্সপ্রেস’ অ্যাপটি তৈরি করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, গুগল ম্যাপের অনুমোদন প্রক্রিয়ার কারণে অ্যাপটি আনুষ্ঠানিকভাবে চালু করতে কিছুটা সময় লেগেছে। প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর এটি এখন প্লে-স্টোরে প্রকাশ করা হয়েছে। ঈদের আগে বা পরে শিক্ষার্থীরা এটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এ ছাড়া ব্যবহারকারীদের সুবিধার্থে ‘জবি এক্সপ্রেস’ নামে একটি ওয়েবসাইটও চালু করা হয়েছে, যেখান থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।

অ্যাপটির কার্যকারিতা সম্পর্কে রিয়াজুল ইসলাম জানান, বাস চলাচলের সময় চালক বা সহকারী অ্যাপটি চালু করে লোকেশন অন রাখবেন। এতে শিক্ষার্থীরা রিয়েল-টাইমে বাসের অবস্থান দেখতে পাবেন। বাস পার্কিংয়ে থাকলে বা সার্ভিসে না থাকলে লোকেশন বন্ধ থাকবে। ইতোমধ্যে বাস চালক ও সহকারীদের এ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

অ্যাপটির উদ্বোধনকালে জকসুর এজিএস মাসুদ রানা, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈম ও কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন