লংমার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা ইবতেদায়ি শিক্ষকদের

স্টাফ রিপোর্টার

লংমার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা ইবতেদায়ি শিক্ষকদের

এমপিওভুক্তি ও বেতন ছাড়ের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান ধর্মঘটরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা ১২তম দিনে নতুন কর্মসূর্চি ঘোষণা করেছেন। সরকার দাবি মেনে না নিলে তারা আগামীকাল বুধবার বেলা ১১টার পরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ লাভের উদ্দেশে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবে।

সোমবার রাতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক কল্যাণ কমিটির সদস্য সচিব হাফেজ মাওলানা মুফতী আব্দুল হান্নান হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ২১ মে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ থেকে তারা লাগাতার অবস্থান ধর্মঘট ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেন। ওইদিন সংগঠনের আহ্বায়ক মাওলানা শামসুল হক আনছারী এর সভাপতিত্বে ও সদস্য সচিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল হান্নান হোসেনের সঞ্চালনায় লাগাতার অবস্থান ধর্মঘট কর্মসূচি ঘোষণা করা হয়।

শিক্ষকরা বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত, এমপিও আবেদন পূর্বক ২০২৫-এর নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাইকৃত অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার এমপিও বাস্তবায়ন ও গত ১০ আগস্ট ২০২৫ শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক শূন্য পদে চূড়ান্ত অনুমোদনকৃত, শিক্ষক-শিক্ষিকাদের জানুয়ারি-২০২৬ থেকে বেতন ছাড়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান ধর্মঘট করে আসছেন।

সোমবার ১২তম দিনেও বিপুল সংখ্যক শিক্ষককে প্রেসক্লাবের সামনে অবস্থান করতে দেখা গেছে।

এর আগে ২৮ মে পবিত্র ঈদুল আজহার দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ লাভের উদ্দেশে পদযাত্রা শুরু করলে বিজয় সরণি এলাকায় পুলিশ বাধা দেয়। পরে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর বাসভবন এলাকায় গেলে দুপুর ১টার দিকে গুলশান থানা পুলিশ আটক করে পুলিশ হেফাজতে নেয়, এবং বিকাল সাড়ে চারটার দিকে তাদের ছেড়ে দেয়। শিক্ষকরা তাদের দাবি পূরণে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন