ডাকসুর প্রার্থীকে ধর্ষণের হুমকির ঘটনায় দুই তদন্ত কমিটি

ডাকসুর প্রার্থীকে ধর্ষণের হুমকির ঘটনায় দুই তদন্ত কমিটি

অপরাজেয় ৭১-অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের সম্পাদক বি এম ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকির ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে দুটি তদন্তে কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় তিন সদস্যের এবং ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন দুই সদস্যের তথ্যানুসন্ধান কমিটি করেছে। সোমবার রাতে এই তদন্ত কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়েল জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হুমকির ঘটনায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদ ও অপরাজেয় ৭১-অদম্য ২৪ প্যানেলের সহ-সভাপতি পদপ্রার্থী মো. নাইম হাসান প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্টর বরাবর লিখিত আবেদন করেছেন। আবেদনের প্রেক্ষিতে ঘটনার সত্যতা উদ্‌ঘাটনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সদস্য বিশিষ্ট একটি সত্যানুসন্ধান তদন্ত কমিটি গঠন করেন।

কমিটিকে সুষ্ঠুভাবে তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমাদানের জন্য দায়িত্ব দেওয়া হলো।

কমিটির সদস্যরা হলেন— সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার, সহকারী প্রক্টর মিসেস শেহরীন আমিন ভূঁইয়া ও সহকারী প্রক্টর মো. রেজাউল করিম সোহাগ।

একই ঘটনা তদন্তে দুই সদস্যের আরেকটি তথ্যানুসন্ধান কমিটি করেছে ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন। এই কমিটিতে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক কাজী মোস্তাক গাউসুল হককে আহ্বায়ক এবং সহকারী প্রক্টর জাহাঙ্গীর আলমকে সদস্য করা হয়েছে। তাদের আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। এ ছাড়াও নির্বাচন নিয়ে বেশ কিছু অগ্রগতি তুলে ধরেন তিনি।

অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, সাইবার বুলিং মোকাবিলায় তারা একটি কমিটি গঠন করেছিলেন। সেই কমিটি বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন এবং সাইবার বুলিংয়ের বিষয়টি কীভাবে কমিয়ে আনা যায়, তা নিয়ে তারা কাজ করছেন।

প্রধান রিটার্নিং কর্মকর্তা আরো বলেন, ডাকসু নির্বাচন নিয়ে যেসব অনলাইন গ্রুপ বা পেজের বিরুদ্ধে অভিযোগ এসেছে, সেগুলোর নাম ও যারা পরিচালনা করেন (এডমিন) তাদেরও নাম বিটিআরসি ও ডিএমপি কমিশনারকে দেওয়া হয়েছে।

এ ছাড়াও ক্যাম্পাসের নিরাপত্তা, ভোটের দিন নিরাপত্তা এবং ভোট গণনার নিরাপত্তার বিষয়েও ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানান অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। পাশাপাশি অনাবাসিক শিক্ষার্থীদের ভোট প্রদান করতে আসার পথে বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলো যাতে কোনো প্রকার বাধায় না পড়ে, সে ব্যাপারে আইজিপিকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন