জবিতে পশু জবাই নিষিদ্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা চায় জাতীয় ছাত্রমঞ্চ

জবিতে পশু জবাই নিষিদ্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা চায় জাতীয় ছাত্রমঞ্চ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করে প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিকে ‘অপরিপক্ব ও অদূরদর্শী’ আখ্যা দিয়ে তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে জাতীয় ছাত্রমঞ্চ।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির পক্ষে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন জাতীয় ছাত্রমঞ্চের সিনিয়র যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সৈয়দ আল মাশরুর জিসান।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতার যুক্তিতে নেওয়া এই সিদ্ধান্তের সময় ও প্রেক্ষাপট প্রশাসনের দায়িত্বশীলতা, দূরদর্শিতা ও ন্যায়সংগত অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি করেছে। বহু-ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় অনুভূতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির মতো সংবেদনশীল বিষয় মোকাবিলায় প্রশাসনকে বিচক্ষণ ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।

সংগঠনটি মনে করে, এ ধরনের অপরিণামদর্শী সিদ্ধান্ত ক্যাম্পাসে হিন্দু ও মুসলিম শিক্ষার্থীদের মধ্যে বিদ্যমান উত্তেজনা বাড়াতে পারে। একই সঙ্গে উগ্র সাম্প্রদায়িক শক্তি বিভাজন ও সংঘাত সৃষ্টির সুযোগ পেতে পারে, যা বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশকে ক্ষতিগ্রস্ত করার আশঙ্কা তৈরি করবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। তবে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার, নিরাপদ পানীয় জল ও পরিচ্ছন্ন শৌচাগার নিশ্চিত করাও প্রশাসনের মৌলিক দায়িত্বের অংশ। এসব মৌলিক সুবিধার ঘাটতি থাকা অবস্থায় জনস্বাস্থ্যের যুক্তিতে সংবেদনশীল এমন সিদ্ধান্ত নেওয়ার আগে প্রশাসনের আরও দায়িত্বশীল ও বাস্তবতাভিত্তিক অবস্থান নেওয়া প্রয়োজন ছিল।

জাতীয় ছাত্রমঞ্চের মতে, বিশ্ববিদ্যালয় হবে সাম্য, ন্যায়বিচার, গণতান্ত্রিক চর্চা ও ধর্মীয় সহাবস্থানের ক্ষেত্র। প্রত্যেক শিক্ষার্থী যেন নির্ভয়ে তার ধর্মীয় ও রাজনৈতিক অধিকার চর্চা করতে পারেন, তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীতিগত দায়িত্ব। কোনো শিক্ষার্থীর ধর্মীয় পরিচয়ের কারণে অধিকার সংকুচিত করার সুযোগ নেই; তেমনি কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ, উসকানি কিংবা বৈষম্য সৃষ্টি করাও অনুচিত।

এ পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি পশু জবাই নিষিদ্ধসংক্রান্ত বিজ্ঞপ্তিটি পুনর্বিবেচনা করে শিক্ষার্থীদের অধিকার, জনস্বাস্থ্য ও ধর্মীয় সম্প্রীতির সমন্বয়ে ন্যায়সংগত ও বাস্তবতাভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন