খুলনা বিশ্ববিদ্যালয়-এর সাংবাদিক সমিতি (খুবিসাস)-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে। বুধবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রকাশ করা যাবে না। তিনি ফ্যাক্টচেকিংয়ের ওপর গুরুত্বারোপ করে বলেন, সংবাদ প্রকাশের আগে তথ্য বারবার যাচাই করতে হবে, যাতে ভুল তথ্য কারও হয়রানির কারণ না হয়। পাশাপাশি সাংবাদিকদের নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সাংবাদিক সমিতির সদস্যরা জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই খুবিসাস কেবল সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ থাকেনি; বরং দায়িত্বশীল সাংবাদিকতার আদর্শ গড়ে তোলা, শিক্ষার্থীদের স্বতন্ত্র কণ্ঠস্বর তুলে ধরা এবং সমাজের প্রতি নৈতিক দায়বদ্ধতা সৃষ্টির লক্ষ্য নিয়ে কাজ করে আসছে।
সংগঠনটি যাত্রা শুরু করার সময় ক্যাম্পাসে সাংবাদিকতার কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্ম ছিল না। শুরু থেকেই তাদের লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ইস্যুতে সংবাদ প্রকাশ, শিক্ষার্থীদের মতামত ও দাবি তুলে ধরা এবং ক্যাম্পাস সংস্কৃতির যথাযথ প্রতিফলন ঘটানো।
খুবিসাসের সভাপতি আলকামা রমিন বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির গৌরবময় ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য অত্যন্ত আনন্দের। পাঁচ বছর আগে এই সমিতি প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা একটি শক্ত কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশ করে। আমরা সেই যাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছি। খুবিসাস সাংবাদিকদের প্রশিক্ষণ, উন্নয়ন এবং জবাবদিহিমূলক ও স্বচ্ছ বিশ্ববিদ্যালয় গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
সমিতির সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম বলেন, “ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সপ্তম বর্ষে পদার্পণ আমাদের সবার জন্য আনন্দের। নানা চড়াই-উতরাই ও প্রতিকূলতা অতিক্রম করে সংগঠনটি আজকের অবস্থানে এসেছে। আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. হারুনুর রশিদ খান। এছাড়া উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ নুরুন্নবী, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ নাজমুল সাদাত এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক সারা মনামী হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

