ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে 'ব্যবসায় শিক্ষা' ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা পুনরায় অনুষ্ঠিত হবে। তবে শুধু যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তারাই পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পারবেন।
রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এবিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে সেবিষয়ে কিছু জানানো হয়নি। ভর্তি কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
সভাসূত্রে জানা যায়, ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা পুনরায় অনুষ্ঠিত হওয়ার বিষয়ে মত দেন বেশিরভাগ শিক্ষকই। কেউ কেউ হাইকোর্টের রায়ের আপিলের পক্ষে কথা বলেছেন। তবে সর্বসম্মতিক্রমে পুনরায় পরীক্ষা নেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়।
এক সদস্য জানান, হাইকোর্টের কাছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুনরায় পরীক্ষা নেওয়ার কথা জানানো হবে। কোন পদ্ধতিতে নেওয়া হবে সেটা তাদের রায়ের উপর নির্ভর করছে। বিশ্ববিদ্যালয় প্রস্তাব দিবে শুধু বিজনেস স্টাডিজের পরীক্ষার্থী যারা অংশগ্রহণ করেছে পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পারবে। এর সংখ্যা ২৭ হাজারের কিছু বেশি। এছাড়া কলা এবং বিজ্ঞান ইউনিটের পরীক্ষার্থীদের পরীক্ষায় বসতে হবে না।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় সূত্রমতে, এই ইউনিটে মোট ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৪১ হাজার ৮জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছে। ১ হাজার ৫০টি আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ৯শ' ৩০টি, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য ৯৫টি এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন রয়েছে। ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২৯ হাজার ৫শ’ ১০জন, বিজ্ঞান শাখা থেকে ৬ হাজার ৫শ’ ৮৩জন এবং মানবিক শাখা থেকে ৪ হাজার ৯শ’ ১৪জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় আবেদন করেন।
কিন্তু পরীক্ষার প্রশ্নে ‘একাধিক ভুল থাকায় সুষ্ঠু ফল প্রকাশের জন্য পুনরায় পরীক্ষার আবেদন’ শীর্ষক ভিসি বরাবর একটি আবেদন দেন জিহান আল ফুয়াদ নামে এক পরীক্ষার্থী। কিন্তু তাতে সাড়া না পাওয়ায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে তিনি হাইকোর্টে রিট করেন। রিটে প্রশ্নপত্রে ভুলের কারণে পরীক্ষা বাতিলে কর্তৃপক্ষের কাছে রিটকারীর আবেদনের প্রেক্ষিতে পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলা হয়। একইসঙ্গে ২০ ফেব্রুয়ারি দেওয়া ওই আবেদন নিষ্পত্তির নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি এই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরবর্তী কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল ৫টায় এই ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে বলে জানানো হয়েছিল। তবে তার আগের দিন শিক্ষার্থীর রিটের আলোকে ফলাফল প্রকাশ স্থগিত করে হাইকোর্ট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

