বুয়েটের চূড়ান্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বুয়েটের চূড়ান্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির চূড়ান্ত ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার বুয়েট ক্যাম্পাসে দুই শিফটে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৯৮ দশমিক ৮৭ শতাংশ।

প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফলে চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত ৭ হাজার ৫৫২ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলো ৭ হাজার ৪৬৭ জন।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এছাড়াও আগামী ৮ মার্চ ফলাফল ঘোষণা করা হবে বলেও জানানো হয়।

প্রথম শিফটে মডিউল-'এ' সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত 'ক' ও 'খ' গ্রুপের জন্য গণিত, পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় শিফটে মডিউল-'বি' বেলা ২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। 'খ' গ্রুপের জন্য উন্মুক্ত পাঠ্যসূচিতে মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এ বছর বুয়েটে ১ হাজার ৩০৯ টি আসনে কেমিক্যাল এন্ড ম্যাটেরিয়ালস কৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদসমূহের অধীনে ১৩টি বিভাগে স্নাতক শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। এবারের ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠিভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি (কোন বিভাগে ১ টি আসনের বেশী নয়) ও স্থাপত্য বিভাগের জন্য ১টি সংরক্ষিত আসন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন