ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে তিনটি স্থায়ী শূন্যপদে প্রভাষক নিয়োগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগ ও আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের শিক্ষক হিসেবে নিয়োগ প্রদানের বিষয়ে গত ২৪ ফেব্রুয়ারি (সোমবার) আমার দেশ-এ 'ফ্যাসিবাদের তিন দোসরকে শিক্ষক নিয়োগের চেষ্টা' শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।
এরপরে গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সভা সিন্ডিকেটে বিভাগটির এই নিয়োগ স্থগিত দেওয়া হয়। পাশাপাশি বিষয়টি নিয়ে যাচাই বাছাই করার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দেয় প্রশাসন। নতুন এই কমিটি উক্ত নিয়োগ প্রক্রিয়ার অভিযোগের বিষয়ে খতিয়ে দেখাসহ যাচাই-বাছাই করে সিন্ডিকেটকে সহায়তা করবে।
জানা যায়, সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষক নিয়োগও স্থগিত করা হয়৷ পরবর্তী সময়ে উক্ত নিয়োগে বৃহত্তর বিশ্লেষণের জন্য আগের 'সিলেকশন কমিটি'তে পুনরায় বিষয়টি পাঠানো হয়৷ যেটা 'রিভিউ কমিটি' হিসেবে কাজ করবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ আমার দেশকে বলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক পদে শিক্ষক নিয়োগের বিষয়ে সিন্ডিকেট সভায় আলোচনা হয়। এতে কিছু অভিযোগ উঠে আসে। অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই করা জন্য তিন সদস্যবিশিষ্ট্য একটা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি অভিযোগের বিষয়ে যাচাই বাছাই করে সার্বিক বিষয়ে পরবর্তী সিন্ডিকেটকে সুপারিশ করবে৷ এছাড়াও অর্থনীতি বিভাগের শিক্ষক নিয়োগও স্থগিত করা হয়েছে। আগের সিলেকশন কমিটিতে বিষয়টি পুনরায় যাচাই-বাছাইয়ের জন্য প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা আমার দেশকে বলেন, সিন্ডিকেটে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে শিক্ষক নিয়োগ নিয়ে পুনরায় বিবেচনার জন্য কমিটি করে দেওয়া হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

