ব্র্যাক ইউনিভার্সিটির সমাবর্তন

শিক্ষার্থীদের নৈতিক মান বজায় রাখতে হবে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষার্থীদের নৈতিক মান বজায় রাখতে হবে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষার্থীদের নৈতিক মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, কোনো জাতি সত্যিকারভাবে উন্নতি হতে পারে না, যদি তার নৈতিক ভিত্তি দুর্বল হয়।

তিনি মঙ্গলবার ব্র্যাক ইউনিভার্সিটির ১৬তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ঢাকার পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

শিক্ষা উপদেষ্টা বলেন, গত আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু ক্যারিয়ার নিয়ে ভাবে না। সমাজের ভালো কিছুর জন্যও এগিয়ে আসে। গ্র্যাজুয়েটরা যেন সততার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে সেই আহ্বান জানান তিনি।

পেশা বেছে নেওয়ার সময় শুধু অর্থ বা সুনামের দিকে না তাকানোর পরামর্শ দেন শিক্ষা উপদেষ্টা। যে কাজটিতে শিক্ষার্থীরা মজা পান সেটিকে পেশা হিসেবে নেবার পরামর্শ দেন তিনি।

এবারের সমাবর্তন অনুষ্ঠানের প্রতিপ্রাদ্য ছিল 'এক্সিলেন্স ইন ইউ'। এই সমাবর্তনের মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের সফলতা উদযাপন করেছে এবং সেই সঙ্গে তাদের অ্যাকাডেমিক উৎকর্ষ এবং সৃজনশীলতাকে স্বীকৃতি জানিয়েছে।

সমাবর্তনে ৪ হাজার ৮২৯ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া, বিভিন্ন ক্যাটাগরিতে ২ জনকে চ্যান্সেলর স্বর্ণপদক এবং ২৮ জনকে ভাইস-চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করেন শিক্ষা উপদেষ্টা। শিক্ষার্থীদের হাতে ভাইস-চ্যান্সেলর স্বর্ণপদক তুলে দেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক শারমিন ওবায়েদ চিনয়।

সমাবর্তনে ভেলিডিক্টোরিয়ান বক্তব্য দেন চ্যান্সেলর স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থী শিহাব মুহতাসিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ।

সমাপনী বক্তব্য দেন সমাবর্তন কমিটির চেয়ার ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন ড. সাদিয়া হামিদ কাজী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন