ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ চার লাখ ৬০ হাজার ৭০৬ জন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন (পাস মার্ক ৩৫% ধরে) চার লাখ ৬০ হাজার ৭০৬ জন। বিশ্ববিদ্যালয়টিতে চার লাখ ৪০ হাজার আসন রয়েছে। সে হিসেবে উত্তীর্ণ ২০ হাজারের পাশাপাশি অনুত্তীর্ণ ৯৯ হাজার ৮৮৯ জন সহ মোট এক লাখ ২০ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ের অধীনেও অনার্সে ভর্তির সুযোগ পাবেন না।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আইসিটিভ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।

এর আগে প্রায় এক যুগ পরে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা গত ৩১ মে দেশের প্রায় ৩০০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

অধ্যাপক আমানুল্লাহ জানান, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৩৩ দশমিক ২৮ ভাগ পরীক্ষার্থী ৫০ শতাংশের ওপর নম্বর পেয়েছেন। বাকি ৬৬ দশমিক ৭২ ভাগ শিক্ষার্থী ৫০ শতাংশের নিচে নম্বর পেয়েছেন।

প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৮ জুন থেকে ভর্তি ফরম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজের সঙ্গে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় ৪ লাখ ৪০ হাজার আসন রয়েছে। এদের মধ্যে যারা অনার্সে ভর্তি হতে পারবে না তারা পাস কোর্স, কারিগরি এবং অন্যান্য শাখায় ভর্তি হতে পারবে।

তিনি আরও বলেন, আগে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা ছাড়াই অনার্সে ভর্তি করা হত। যাতে অনেকেই বলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার ছাড়াই বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে যায়। এখন থেকে আর কেউ বলতে পারবে না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। ১০ বছর পর এই শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।

শিক্ষার্থীরা দুইভাবে ভর্তি পরীক্ষার ফলাফল জানতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগইন করে এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।

সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মোঃ লুৎফর রহমান, অধ্যাপক ড. মোঃ নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন দপ্তরের পরিচালক ও কর্মকর্তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন