জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ভর্তি কার্যক্রমে ৬ষ্ঠ পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ষ্ঠ পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ১৬ জুন ২০২৫ দুপুর ১২টা থেকে ১৯ জুন বিকেল ৩টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ভর্তি ফি জমা দিতে পারবে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট https://jnuadmission.com-এ নিজ নিজ প্যানেলে লগইন করে ফি জমা দিতে হবে।
বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটভিত্তিক ভর্তি ফি ভিন্ন ভিন্ন নির্ধারিত হয়েছে। বিজ্ঞান ও লাইফসায়েন্স অনুষদের বিভাগগুলোর জন্য ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১২,৮০০ টাকা। কলা, সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, আইন, চারুকলা এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউটের জন্য এই ফি নির্ধারিত হয়েছে ১০,৮০০ টাকা। এছাড়া জনসংযোগ, তথ্য ও যোগাযোগ বিভাগসহ কয়েকটি বিষয়ে ভর্তি ফি নির্ধারিত হয়েছে ১০,৩০০ টাকা এবং চারুকলা বিভাগের গ্রাফিক ডিজাইন, সংগীত ও নাট্যকলা বিভাগে ভর্তির জন্যও ফি ১২,৮০০ টাকা ধার্য করা হয়েছে। চাকরিজীবীদের জন্যও একই হারে ভর্তি ফি প্রযোজ্য হবে।
ভর্তি ফি জমা দেয়ার পর শিক্ষার্থীদের ১৬ থেকে ১৯ জুন ২০২৫ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। কাগজপত্র জমাদান স্লিপ সংগ্রহের মাধ্যমেই ভর্তির চূড়ান্ত নিশ্চয়তা সম্পন্ন হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
১. এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র
২. ভর্তি পরীক্ষার পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত এডমিট কার্ড
৩. অনলাইনে প্রিন্ট করা ভর্তি ফরম
৪. সদ্যতোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়প্রাপ্ত সব শিক্ষার্থীকে নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইন কার্যক্রম সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

