আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জবিতে ‘কর্মক্ষেত্রে কার্যকরী অনুপ্রেরণা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জবি সংবাদদাতা

জবিতে ‘কর্মক্ষেত্রে কার্যকরী অনুপ্রেরণা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)‘কর্মক্ষেত্রে কার্যকরী অনুপ্রেরণা’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৮ জুন ২০২৫) বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের ক্লাসরুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্বে থাকা) ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। তিনি বলেন, “সমষ্টিগত সহযোগিতা ছাড়া কোনো প্রতিষ্ঠানের সুষ্ঠু বিকাশ সম্ভব নয়। আমাদের প্রত্যেকেরই উচিত নিজ দায়িত্ব সময়মতো ও নিষ্ঠার সঙ্গে পালন করা। এজন্য নৈতিকতা ও সততাকে সর্বদা প্রাধান্য দিতে হবে।”

কর্মশালার সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক। স্বাগত বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মেজবাহ-উল-আজম সওদাগর।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ছাত্রকল্যাণ পরিচালক ড. কে. এ. এম. রিফাত হাসান। তিনি বলেন, “কার্যকর অনুপ্রেরণা কর্মক্ষেত্রে সাফল্যের মূল চাবিকাঠি। ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মিলিত প্রয়াসই অনুপ্রেরণাকে টেকসই করে তোলে।” তিনি আরও উল্লেখ করেন, কর্মীদের কাজের প্রতি আগ্রহ, আনুগত্য ও সন্তুষ্টি অর্জনে স্বীকৃতি ও পুরস্কার, ক্যারিয়ার উন্নয়ন, সুষম কাজের পরিবেশ এবং স্বাধীনতা বড় ভূমিকা রাখে।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউট, বিভাগ ও দপ্তরের তৃতীয় শ্রেণীর স্থায়ী কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। ব্যাপক অংশগ্রহণ ও ইতিবাচক সাড়া প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মচারীরা বিষয়বস্তুকে সময়োপযোগী ও কার্যকর বলে মন্তব্য করেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজন করা হলে কর্মদক্ষতা ও পেশাগত মনোভাব আরও দৃঢ় হবে।

এই প্রশিক্ষণ আয়োজনের মধ্য দিয়ে কর্মীদের দায়িত্ববোধ, নৈতিকতা ও প্রেরণার গুরুত্ব তুলে ধরা হয়—যা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন