ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছায়া জাতিসংঘ সংগঠনের (ডিউমুনা) উদ্যোগে ৪ দিনব্যাপী দ্বাদশতম ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু হচ্ছে আগামী ২৯ মে। যা চলবে ১ জুন পর্যন্ত। শনিবার সন্ধ্যায় সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
'আইনের শাসন ও বৈশ্বিক দৃষ্টান্তের রদবদল: ন্যায়, সমতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ' প্রতিপাদ্যকে সামনে রেখে এ সম্মেলন সারা দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে ৫০০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেবেন। তারা বৈশ্বিক গুরুত্বপূর্ণ সমস্যাবলী নিয়ে মোট ১১টি কমিটিতে আলোচনা করবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিবারই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ সম্মেলন থেকে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি ইতিবাচক ভবিষ্যতের বার্তা দেয়া চেষ্টা করা হয়। সেই ধারাবাহিকতায়- নিত্য পরিবর্তিত বিশ্বে স্বচ্ছতা ও জবাবদিহিতা মাধ্যমে বৈষম্যের অবসান ঘটিয়ে সকলের ন্যায্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে আইনের শাসন প্রতিষ্ঠাকরণের ওপর গুরুত্ব আরোপ করা হবে আসন্ন এ সম্মেলনে।
আয়োজকেরা জানান, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বর্তমানে চতুর্থ শিল্প বিপ্লবের অংশীদার হতে একজন শিক্ষার্থীর যে সকল দক্ষতাগুলো অর্জন করা আবশ্যক, সেগুলোর প্রতিটিই ছায়া জাতিসংঘ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে অর্জন করা সম্ভব। সূক্ষ্ম বিশ্লেষণ ক্ষমতা, উপস্থাপন দক্ষতা, কূটনৈতিক পারদর্শিতা, তথ্য অনুসন্ধান, কনটেন্ট লেখা, আনুষ্ঠানিক বিতর্ক-দক্ষতাগুলো ভালোভাবে রপ্ত করা অবারিত সুযোগ রয়েছে।
২০১১ সালে যাত্রা শুরু করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সক্রিয় এই সংগঠনটি ২০১২ সাল থেকে প্রতিবছর অত্যন্ত সাফল্যের সাথে শিক্ষামূলক এই অধিবেশনের আয়োজন করে আসছে। বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জটিল সমস্যা নিয়ে আলোচনা, বিতর্ক ও সমাধান প্রণয়নের মাধ্যমে আগত শিক্ষার্থীরা নিজেদের পারদর্শিতা প্রমাণে সচেষ্ট থাকে চারদিনব্যাপী সম্মেলনে।
এর আগে গত বছর সংগঠনটির উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের একাদশ অধিবেশনে (ডানমান-২০২৪) আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান, বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ সৈয়দ রাশেদ আল-জায়েদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডোল্যান্ড।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

