শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

সংসদ রিপোর্টার

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর
জাতীয় সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রী। ছবি: সংগৃহীত

আন্দোলনরত শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার্থীদের অনুরোধ করে বলব। তারা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। আমরাই উদ্বিগ্ন তাদের চেয়ে বেশি, কিভাবে পরীক্ষা সঠিকভাবে নেব। কিভাবে এ দুর্যোগ মোকাবিলা করব। আমরা আশ্বাস দিচ্ছি যেসব পরীক্ষা কেন্দ্রে ভুলত্রুটি হয়েছে, সেখানে পুনরায় পরীক্ষা নেওয়ার বিধান আমাদের রয়েছে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্টরা বলেছিলেন আবহাওয়া ভালো থাকবে। তাই পরীক্ষা বহাল রাখা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার জাতীয় সংসদে আলাদা দুটি সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের সম্পূরক প্রশ্নে শিক্ষার্থীদের ক্ষোভ প্রশমনে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চান। জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, আমরা সকলেই উদ্বিগ্ন বর্ষা মৌসুমে পরীক্ষা নিয়ে। পরীক্ষা নিয়ে আমরা সার্বক্ষণিক মনিটরিংয়ে ছিলাম এবং আছি, সারাদিনই এ কাজটি করে থাকি। কোনো কোনো কেন্দ্রে পানি উঠে থাকলে তাৎক্ষণিকভাবে কেন্দ্র সরিয়ে দিয়েছি। স্থানীয় প্রশাসনকে আমরা এ দায়িত্ব দিয়েছি।

কুমিল্লা পরীক্ষা কেন্দ্রটির কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, তাছাড়া অন্যান্য জায়গায় পানি উঠেছে তা তেমন বেশি নয়, গুটি কয়েক সঙ্গে সঙ্গে কেন্দ্র পল্টানো হয়েছে। পরীক্ষাদের যে সুবিধা দেওয়ার, তা হয়েছে। তা নিয়ে উদ্বিগ্ন ছিলাম, নিয়মিত পর্যবেক্ষণ করে কাজটি করছি। তিনি বলেন, যেসব ক্ষেত্রে এখনো মনে করি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের শুধরিয়ে দেওয়া আমাদের জন্য বিরাট কাজ নয়। কারণ আমরা অনেক জায়গায় পরীক্ষা বন্ধ করেছি। আমাদের প্রশ্ন সেট রয়েছে। আমরা আবারও পরীক্ষা নেব। আবারও পর্যালোচনা করছি, যদি কোথাও প্রশাসনের দুর্বলতার কারণে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠার পরে পরীক্ষা দিতে না পারে, সে জরিপ আমাদের কাছে আসার পরে প্রয়োজনে আমরা পুনরায় পরীক্ষা নিতে পারি। আমরা চট্টগ্রাম বোর্ডে এ ব্যবস্থা করেছি। সে অবস্থান আমাদের রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা আমাদের জাতির ভবিষ্যৎ। তাদের আমরা বঞ্চিত করতে পারি না, বঞ্চিত করব না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন